নেপালে পুরস্কার পেলেন এবিসির আবুল হাসনাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন আবুল হাসনাত
ছবি: সংগৃহীত

গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের সংগীতশিল্পী আবুল হাসনাত। নেপালের রাজধানী কাঠমান্ডুতে আয়োজিত এক সামিটে তিনি এ পুরস্কার পান। গত বৃহস্পতিবার নেপালের ভাইস প্রেসিডেন্ট সুরেন্দা বাসনাত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। নেপালের পর্যটন বোর্ডের এ আয়োজনে পুরস্কার হিসেবে ক্রেস্ট, মেডেল ও সার্টিফিকেট পান এবিসি রেডিওর ডিজিটাল বিজনেসে কাজ করা আবুল হাসনাত।

কণ্ঠশিল্পী ও ডিজিটাল গণমাধ্যম টেকনোলজি নিয়ে কাজ করেন আবুল হাসনাত। নিজ পেশার পাশাপাশি ডিজিটাল গণমাধ্যম টেকনোলজি বিষয়ে আগ্রহী ব্যক্তিদের মানোন্নয়ন ও কর্মক্ষেত্রে প্রমাণ করার জন্য কাজ করেন তিনি। দীর্ঘদিন ধরে বাংলাদেশি তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাওয়ার কারণে তিনি ওই স্বীকৃতি পান।

‘গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট’ বিশ্বের অন্যতম একটি সংস্থা। যারা তরুণদের মেধা ও নেতৃত্ব নিয়ে কাজ করে। সংস্থাটি ২০১৪ সালে নেপালে যাত্রা শুরু করলেও বর্তমানে বিশ্বের ৮০টি দেশে কাজ করছে। তারা মূলত উদ্যোক্তাদের উন্নয়ন, গণতন্ত্র শক্তিশালী করা, নতুন সুযোগ তৈরি করা ও একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি করা নিয়ে কাজ করে। যাঁরা এগুলো নিয়ে কাজ করছেন, তাঁদের পুরস্কৃত করে।

আবুল হাসনাত ২০১৫ সাল থেকে ডিজিটাল মিডিয়া, টেলিভিশন, রেডিও, রেকর্ড লেবেল, ডিজিটাল এজেন্সিতে কাজ করছেন। বর্তমানে তিনি এবিসি রেডিওর ডিজিটাল বিজনেসে কাজ করছেন। তিনি বলেন, ‘আমি বর্তমান প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মের জন্য সময়ের জটিল কিছু সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছি। এই প্রজন্মের কাছে ডিজিটাল মিডিয়ায় খুব সহজে ভালো অর্থনৈতিক উপার্জনের ব্যবস্থা করতেই কঠোর পরিশ্রম করে যাচ্ছি বিভিন্ন মাধ্যমে।’