নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দ্বিতীয় দফায় চাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপালের জনসাধারণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ সহায়তা হিসেবে দ্বিতীয় দফায় ১০ হাজার মেট্রিক টন চাল পাঠানোর কার্যক্রম আজ শনিবার থেকে শুরু হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগের সহযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এই চাল পাঠানো হচ্ছে। তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে এই চাল ভারতের ফুলবাড়িতে নেওয়া হচ্ছে। সেখান থেকে নেপালি ট্রাকে করে কাঁকরভিটা সীমান্ত দিয়ে নেপালে পাঠানো হচ্ছে।
সকালে পঞ্চগড় সদর উপজেলা খাদ্যগুদাম চত্বরে আনুষ্ঠানিকভাবে এই চাল পাঠানো কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক আনিসুর রহমান, পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহমদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল কাদের, জেলা ত্রাণ কর্মকর্তা মতিউর রহমান, সদর উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেক সারোয়ার ও সদর উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দ্বিতীয়বারের মতো নেপালে ১০ হাজার মেট্রিক টন চাল পাঠানোর কার্যক্রম নেওয়া হয়েছে। গত বছর পঞ্চগড় জেলা থেকেই ১০ হাজার মেট্রিক টন চাল পাঠানো হয়। ট্রাকে করে ভারতের ফুলবাড়ি স্থলবন্দর হয়ে শিলিগুড়ি দিয়ে নেপালের কাঁকরভিটা সীমান্তে নেওয়া হয়। সেখানে নেপাল সরকারের পক্ষে ত্রাণসামগ্রী গ্রহণ করা হয়। এবার পঞ্চগড় থেকে সাড়ে চার হাজার এবং দিনাজপুর থেকে সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন চাল পাঠানো হচ্ছে। আজ পঞ্চগড় ও দিনাজপুর জেলা থেকে ২০টি ট্রাকে ৫০০ মেট্রিক টন চাল পাঠানো হয়েছে। প্রতিদিন এ দুই জেলা থেকে ২০টি ট্রাকে ৫০০ মেট্রিক টন করে চাল পাঠানো হবে। এসব চাল বাংলাদেশ সরকারের খরচে নেপাল পাঠানো হচ্ছে।
তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপালের জনসাধারণের জন্য গত বছর ৫ মে প্রথম চালের চালান পাঠানো হয়।