নেপালে যাচ্ছে চিকিৎসক দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালে প্রলয়ংকরী ভূমিকম্পে আহত ও ক্ষতিগ্রস্তদের জন্য চিকিৎসক দল, ওষুধসহ মানবিক ত্রাণসহায়তা পাঠাতে যাচ্ছে বাংলাদেশ সরকার। দুর্গত এলাকায় মানুষদের চিকিৎসাসেবা দিতে নেপাল সরকারের সঙ্গে কাজ করবে চিকিৎসক দলটি। খবর বাসস ও ইউএনবির।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার নেপালে বিধ্বংসী ভূমিকম্পে জানমালের ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ভূমিকম্প-দুর্গত নেপালের জনগণের পাশে থাকবে বাংলাদেশ।
শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও।
এদিকে নেপালের বাংলাদেশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে, এখন পর্যন্ত নেপালে অবস্থানরত কোনো বাংলাদেশি হতাহতের খবর মেলেনি।
নেপালে অবস্থানরত ও ভ্রমণরত বাংলাদেশিদের সহায়তা দিতে সে দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস হেল্প ডেস্ক খুলেছে। প্রয়োজনে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসফি বিনতে শামস (ফোন +৯৭৭-৯৮৫-১০৩৯৩৫২) এবং খান মো. মইনুল হোসেন (+৯৭৭-৯৮০-৮১৮৪০১৪) ও শামীমা চৌধুরীর (+৯৭৭-৯৮০-৮৭৬৫০৭১) সঙ্গে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।