নেপালে সংবর্ধিত নিশাত ও মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পরিবার ও সমাজ সঙ্গে থাকলে মেয়েরাও পারে। আমিও পেরেছি। এ ছাড়া নারীর এগিয়ে যাওয়ার জন্য পুরুষের সমান সহযোগিতা প্রয়োজন। এম এ মুহিতের কাছ থেকে সেটি আমি পেয়েছি।’গতকাল শুক্রবার সকালে প্ল্যান নেপাল আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের এভারেস্টজয়ী প্রথম নারী নিশাত মজুমদার এ কথা বলেন।নিশাত ও এম এ মুহিতের এই এভারেস্ট অভিযানের অন্যতম পৃষ্ঠপোষক হলো প্ল্যান ইন্টারন্যাশনাল। এই প্রতিষ্ঠানের ‘বিকজ আই অ্যাম এ গার্ল’—এ প্রকল্পের প্রচারণার কাজে সহায়তা করবেন নিশাত। মুহিত বলেন, সমাজে সব কাজ নারী-পুরুষ মিলে করলে লিঙ্গবৈষম্য থাকবে না। মেয়েরা পারে—নিশাত তা প্রমাণ করেছে। তাঁকে দেখে বাংলাদেশের নারীরা অনুপ্রাণিত হবেন।অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের রাষ্ট্রদূত নিমচন্দ্র ভৌমিক বলেন, নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীন এভারেস্ট জয় করে সমতা এনেছেন। এর আগে বাংলাদেশের দুই পুরুষ—মুসা ইব্রাহীম ও এম এ মুহিত এভারেস্ট জয় করেন। তাঁদের দেখে বাংলাদেশের নারীরা আরও উদ্যমী হবেন।অনুষ্ঠানে নিশাত মজুমদারের এভারেস্ট অভিযানের ছবি নিয়ে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। নিশাতের এই জয়কে বাংলাদেশের আশাবাদ ও সম্ভাবনার প্রতীক বলে মনে করেন প্ল্যান নেপালের কান্ট্রি ডিরেক্টর ডোনাল কিয়ান। এ সময় নেপালে এভারেস্ট উইমেন সেভেন সামিটস ইকো অ্যাকশন সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।