নেপালে ১২ কোটি টাকা অনুদান দেবে ব্র্যাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালে ভূমিকম্প-দুর্গতদের জন্য ১২ কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্র্যাক। এই টাকার মধ্যে নিজস্ব তহবিল থেকে প্রায় আট কোটি এবং ব্র্যাক, ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কর্মরত লক্ষাধিক কর্মীর এক দিনের বেতন চার কোটি টাকা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রাথমিকভাবে প্রায় ১২ কোটি টাকায় কার্যক্রম শুরু করলেও আগামী দুই বছরে নেপালে ১১৭ কোটি টাকা খরচের সিদ্ধান্ত নিয়েছে ব্র্যাক। এ লক্ষ্যে বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার কাছ থেকে ১০৫ কোটি টাকার তহবিল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বাংলাদেশের কোনো বেসরকারি উন্নয়ন সংস্থার পক্ষ থেকে অন্য দেশের মানবিক বিপর্যয়ে এত বড় সহায়তার উদ্যোগ এটাই প্রথম। বলা হয়, ইতিমধ্যে অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় ওষুধপত্র বাবদ ব্র্যাক ইন্টারন্যাশনালের তহবিল থেকে ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দেওয়া হয়েছে। ব্র্যাকের নেতৃত্বে একটি মেডিকেল টিম নেপালে অবস্থান করছে। ইতিমধ্যে পাঁচ হাজার কম্বলও পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তি।