দেড় বছর ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে পড়ে আছে নেপালি নাগরিক জগনারায়ণের লাশ। একই হিমঘরে চার মাস ধরে পড়ে আছে সেনেগালের নাগরিক উতার কলিনের লাশ। নেপাল সরকার জগনারায়ণকে বাংলাদেশে সৎকার করার অনুমতি দিলেও হিমঘরের বকেয়া টাকা পরিশোধ নিয়ে জটিলতার সৃষ্টি হয়। এ কারণে তাঁর লাশের সৎকার করা যাচ্ছে না। এ বিষয়ে গতকাল মঙ্গলবার কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়কের সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের যোগাযোগ হয়েছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, দেড় বছর ধরে জগনারায়ণের লাশের জন্য হিমঘরের ভাড়া বাবদ প্রায় পাঁচ লাখ টাকা বিল হয়েছে। কারা কর্তৃপক্ষ এখনই এই টাকা পরিশোধ করতে পারছে না। আগামী বাজেটে এটা সমন্বয় করা হবে বলে তারা হাসপাতাল কর্তৃপক্ষকে আশ্বাস দিয়েছে। চট্টগ্রাম কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘দেড় বছরে ওই লাশের হিমঘরে রাখা বিল প্রায় পাঁচ লাখের কাছাকাছি এসেছে। হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা বলেছি, বাজেটে বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে বিল পরিশোধ করা হবে। এই মুহূর্তে আমাদের কাছে বরাদ্দ নেই। কিন্তু তারা বলছে, পরে যদি বরাদ্দ অনুমোদন না হয়, তাহলে কী হবে? তবে আমরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ জানা গেছে, বিদেশি নাগরিক জগনারায়ণের মরদেহ নিয়ে সিদ্ধান্ত নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ পর্যন্ত ২৩টি চিঠি দিয়েছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। এরপর গত ১৯ জানুয়ারি স্বরাষ্ট্র্র মন্ত্রণালয় থেকে কারা কর্তৃপক্ষের কাছে একটি চিঠি আসে। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব রেজাউল ইসলামের সই করা ওই চিঠিতে জানানো হয়, লাশটি নেপাল সরকার নিতে আগ্রহী নয়। তাই ধর্মীয় বিধি অনুযায়ী সৎকার বা দাফন করা হোক। চট্টগ্রাম কারাগার সূত্রে জানা গেছে, বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ২০০৭ সালের ১৮ মার্চ নেপালের নাগরিক জগনারায়ণ (৪২) চট্টগ্রামের হাটহাজারীতে গ্রেপ্তার হন। তাঁর বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা করে পুলিশ। এরপর জগনারায়ণ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় ২০১০ সালের ২ আগস্ট মারা যান।চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘আমাদের হিমঘর ব্যবহারের একটি নীতিমালা রয়েছে। ওই নীতিমালার কারণে বিল বকেয়া রেখে লাশটি হস্তান্তরে একটু জটিলতা রয়েছে। তবে আমরা বলেছি, যদি মন্ত্রণালয় থেকে বিল মওকুফের একটি অনুমোদন পাওয়া যায়, তাহলে আমরা লাশ হস্তান্তর করব। এ বিষয়ে আগামীকাল (আজ বুধবার) আবার কারা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হবে।’এদিকে, কক্সবাজারের টেকনাফে অবৈধ অনুপ্রবেশ করে সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে গত বছরের ২ মে গ্রেপ্তার হন সেনেগালের নাগরিক উতার কলিন। কক্সবাজার জেলা কারাগারে তিনি বন্দী ছিলেন। কারাগার সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর কক্সবাজার কারাগারে উতার কলিন ‘পেইন এবডোমেন’ রোগে আক্রান্ত হন। ১৬ সেপ্টেম্বর তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান উতার কলিন। এরপর তাঁর মরদেহ এনে রাখা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। উতার কলিনের মরদেহ সৎকার বা হস্তান্তরের বিষয়ে করণীয় জানতে চেয়ে কক্সবাজার জেলা কারাগারের তত্ত্ববধায়ক মো. মোকাম্মেল হোসেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের মাধ্যমে গত বছরের ২২ সেপ্টেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত মোট তিনটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠান। কিন্তু জবাব এসেছে জগনারায়ণের মরদেহের মতোই।