নেপালের নতুন সংবিধানকে স্বাগত ফোরাম-এশিয়ার
মানবাধিকার সংগঠন ফোরাম-এশিয়ার দক্ষিণ এশীয় সদস্যরা নেপালের নতুন সংবিধানকে স্বাগত জানিয়েছে। এ ছাড়া দেশটির ওপর ভারতের ‘অনানুষ্ঠানিক অবরোধ’ আরোপের নিন্দা জানিয়েছে। ফোরাম-এশিয়ার ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে শুক্রবার এ কথা জানানো হয়।
ফোরাম-এশিয়ার বিবৃতিতে বলা হয়, দক্ষিণ এশীয় সদস্য সংগঠনের প্রতিনিধিরা নেপালে বৃহস্পতিবার বৈঠক করেন। তাঁরা নেপালের নতুন সংবিধানকে স্বাগত জানান এবং এ ব্যাপারে ভারতের প্রতিক্রিয়ার চরম নিন্দা জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত নেপালের সঙ্গে সীমান্ত কার্যত বন্ধ করে দেওয়ায় দেশটিতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ বন্ধ রয়েছে। বিবৃতিতে স্বাক্ষরকারী সংগঠনগুলো হলো আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ; বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ (মাসুম), ভারত; রাইটস ফর অল, পাকিস্তান; কমিউনিটি সেলফ রিলায়েন্স সেন্টার (সিএসআরসি), নেপাল; দলিত ফাউন্ডেশন, ভারত; হিউম্যান রাইটস কমিশন অব পাকিস্তান (এইচআরসিপি), পাকিস্তান; ইনফর্ম হিউম্যান রাইটস ডকুমেন্টেশন সেন্টার (ইনফর্ম), শ্রীলঙ্কা; ইনফর্মাল সেক্টর সার্ভিস সেন্টার (ইনসেক), নেপাল; ল অ্যান্ড সোসাইটি ট্রাস্ট, শ্রীলঙ্কা; মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশন (এমএলএএ), বাংলাদেশ; ন্যাশনাল কমিশন ফর জাস্টিস অ্যান্ড পিস (এনসিজেপি), পাকিস্তান; অধিকার, বাংলাদেশ; পিপলস ওয়াচ, ভারত; পিপলস ভিজিল্যান্স কমিটি অন হিউম্যান রাইটস (পিভিসিএইচআর), ভারত; পতাহার অর্গানাইজেশন ফর ডেভেলপমেন্ট অ্যাডভোকেসি (পিওডিএ), পাকিস্তান; সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব দ্য রাইটস অব দ্য চাইল্ড (এসপিএআরসি), পাকিস্তান এবং সাউথ ইন্ডিয়া সেল ফর হিউম্যান রাইটস এডুকেশন অ্যান্ড মনিটরিং (এসআইসিএইচআরইএম), ভারত।