নেপালের সঙ্গে সম্পর্ক বাড়াতে চান প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে জলবিদ্যুৎ উৎপাদন, বাণিজ্য, যোগাযোগ ও পর্যটন খাতে সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। তিনি এই দুই দেশ তথা এই অঞ্চলের পর্যটনশিল্পের সম্ভাবনাকে সম্পৃক্ত করতে বাংলাদেশ ও নেপালের মধ্যে যৌথ পর্যটন প্যাকেজ চালুর প্রস্তাব দেন।নেপালের নবনিযুক্ত রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠ গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে নেপালকে ট্রানজিট সুবিধা দিতে তাঁর সরকারের প্রস্তুতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, নেপাল ও ভুটানকে রেল ট্রানজিট দিতে বাংলাদেশ ভারতের সঙ্গে একটি সমঝোতা স্মারকের সংযোজনীতে স্বাক্ষর করেছে।প্রধানমন্ত্রী জলবিদ্যুৎ উৎপাদনে সহযোগিতার লক্ষ্যে নেপালের সঙ্গে বৃহত্তর চুক্তির আহ্বান জানিয়ে যৌথভাবে ‘সপ্ত কোসি হাই ড্যাম’ বাস্তবায়নে তাঁর প্রস্তাবের কথা উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশ ক্রমবর্ধমান চাহিদা পূরণে এই প্রকল্প থেকে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ কিনতে আগ্রহী।এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ দূত জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন।