নেবুলাইজার যন্ত্র বিকল রোগীদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেবুলাইজার যন্ত্রটি এক মাস ধরে বিকল অবস্থায় পড়ে রয়েছে। ৫০ শয্যার এই হাসপাতালের একমাত্র নেবুলাইজার যন্ত্রটি অচল থাকায় শ্বাসকষ্টে আক্রান্ত শিশু ও বৃদ্ধ রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
একই কারণে দুর্ভোগ পোহাচ্ছেন ধরমপাশা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীরা। ওই হাসপাতালের চারটি নেবুলাইজার যন্ত্র বিকল অবস্থায় পড়ে রয়েছে। পাশাপাশি নেবুলাইজারে ব্যবহৃত ওষুধের সরবরাহও তিন মাস ধরে বন্ধ রয়েছে।
নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, তরল ওষুধের মিশ্রণ (সলিউশন) নেবুলাইজার যন্ত্র দিয়ে রোগীর বুকে জমে থাকা কফ পরিষ্কার করে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করা হয়। গুরুত্বপূর্ণ এই যন্ত্রটি অচল হয়ে পড়ায় হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া রোগীদের বাইরে থেকে এ সেবা দিয়ে আনতে হচ্ছে। হঠাৎ করে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর ভিড় বেড়ে গেছে।
নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. তাজুল ইসলাম খান বলেন, এক মাস হলো যন্ত্রটি নষ্ট হয়েছে। নতুন একটি যন্ত্র বরাদ্দের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে।
ধরমপাশা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গত ২৬ আগস্ট থেকে ২৬ নভেম্বর পর্যন্ত পাঁচটি নতুন নেবুলাইজার যন্ত্র ধরমপাশা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বরাদ্দ দেওয়া হয়। ২১ নভেম্বর দুজন রোগীকে নেবুলাইজ করার পর স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো একটি নেবুলাইজার যন্ত্র বিকল হয়ে পড়ে। এরপর ২৭ নভেম্বর পর্যন্ত নতুন বরাদ্দ দেওয়া পাঁচটির মধ্যে তিনটি যন্ত্রই বিকল হয়ে পড়ে। এ অবস্থায় শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত রোগীদের বাইরে থেকে নেবুলাইজ করাতে হচ্ছে। এতে প্রতিবার ৩৫ থেকে ৪০ টাকা খরচ করতে হচ্ছে। ১৫ নভেম্বর থেকে হাসপাতালটিতে শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের ভিড় বেড়েছে।
গত শনিবার সকাল সাড়ে ১০টায় সরেজমিনে দেখা গেছে, শিশুসহ বিভিন্ন বয়সের পাঁচজন রোগী শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে ভর্তি রয়েছেন। বিকল চারটি নেবুলাইজার যন্ত্র সেবিকাদের কক্ষের এক কোণে পড়ে রয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সানোয়ার হোসেন খান বলেন, ‘২১ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চারটি নেবুলাইজার যন্ত্র বিকল হয়েছে। এ ছাড়া সালবিউটামল সলিউশনের সরবরাহও তিন মাস ধরে বন্ধ থাকায় বাইরে থেকে টাকা দিয়ে রোগীদের এ সেবা পেতে হচ্ছে। কী কারণে এ মেশিনগুলো নষ্ট হচ্ছে তার কারণ খুঁজে বের করার জন্য আমরা চেষ্টা করছি।’
জেলা সিভিল সার্জন নিশীত নন্দী মজুমদার বলেন, ‘আমরা খুব শিগগিরই নেবুলাইজার যন্ত্র কেনার জন্য অর্থ বরাদ্দ পাব। তখন আট-দশটা মেশিন একসঙ্গে না কিনে ভালো মানের দুই থেকে তিনটি মেশিন কিনব। এর মধ্যে অবশ্যই একটি মেশিন ধরমপাশায় দেওয়া হবে। খুব শিগগিরই সালবিউটামল সলিউশন সরবরাহের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’