নেভাল একাডেমি এলাকা দিয়েই প্রথম টানেল নির্মাণের চিন্তাভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী নদীর মোহনা এলাকার তলদেশ দিয়ে দেশের প্রথম টানেল নির্মাণের চিন্তাভাবনা চলছে। গতকাল মঙ্গলবার এখানকার তিনটি জায়গা পরিদর্শন শেষে এ ধরনের নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছেন কর্মকর্তারা। সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল টানেল নির্মাণের জন্য সম্ভাব্য তিনটি জায়গা পরিদর্শন করে। এগুলো হচ্ছে, বন্দর নিমতলী, নেভাল একাডেমি ও সিমেন্ট ক্রসিং এলাকা। কর্মকর্তাদের সঙ্গে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক), সিটি করপোরেশন, বন্দর কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ অধিদপ্তর এবং গণপূর্ত বিভাগের প্রতিনিধিরা ছিলেন। এ সময় বিদেশি পরামর্শক প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি ও হংকংয়ের অরূপের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠান দুটি যৌথভাবে টানেল নির্মাণের সম্ভাব্যতা যাচাই ও সমীক্ষার কাজ করছে। চউকের উপপ্রধান নগর পরিকল্পনাবিদ সরওয়ার উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘তিনটি জায়গা পরিদর্শন শেষে আমরা পতেঙ্গা নেভাল একাডেমির পাশের জায়গাটিই টানেল নির্মাণের জন্য অধিকতর গ্রহণযোগ্য হবে বলে একমত হয়েছি।’ তিনি বলেন, এখানে টানেল নির্মিত হলে ভবিষ্যতে সোনাদিয়া গভীর সমুদ্রবন্দরের সুফলও পাওয়া যাবে। তা ছাড়া শহরের ভেতরও কোনো যানজট লাগবে না। জানা যায়, প্রায় ছয় হাজার কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী মার্চ থেকে জুন পর্যন্ত বিদেশি দুই পরামর্শক প্রতিষ্ঠান যৌথভাবে সমীক্ষা চালাবে। ইতিপূর্বে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিমতলী বন্দর সংযোগ সড়কের সঙ্গে সমন্বয় রেখে ওই এলাকা দিয়ে টানেল নির্মাণের প্রস্তাব দেয়। গতকালও বন্দরের কর্মকর্তারা বিষয়টি তুলে ধরেন। তাঁরা বলেন, নতুন জায়গা দিয়ে টানেল নির্মাণ করতে হলে আরও অনেকগুলো বাইপাস সড়ক নির্মাণ করতে হবে। এ সময় চউকের চেয়ারম্যান আবদুচ ছালাম নেভাল একাডেমির কাছ দিয়েই টানেল নির্মাণের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, এতে নগরে যানজট লাগবে না। ভবিষ্যৎ চিন্তাভাবনা থেকে এটাই অধিকতর গ্রহণযোগ্য হবে। শেষ পর্যন্ত এ প্রস্তাবে কর্মকর্তারা নীতিগতভাবে একমত হন বলে সেখানে উপস্থিত একাধিক কর্মকর্তা জানান।