নেভাল একাডেমিতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ নেভাল একাডেমির ২০০৮-বি ব্যাচের মিডশিপম্যানদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে গতকাল বুধবার চট্টগ্রামের পতেঙ্গা নেভাল একাডেমিতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এবার ২৩ জন বাংলাদেশি মিডশিপম্যান কমিশন পেয়েছেন। মিডশিপম্যান রাকিবুল হাসান, বিএন সেরা চৌকস মিডশিপম্যান হিসেবে সোর্ড অব অনার ও শিক্ষাগত বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে ওসমানী স্বর্ণপদক লাভ করেন। অপরদিকে মিডশিপম্যান হাসান ইকবাল রনি পেশাগত বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে নৌপ্রধান পদক লাভ করেন। উল্লেখ্য, সশস্ত্র বাহিনীতে মহিলা অফিসার অন্তর্ভুক্তিতে নৌবাহিনী অগ্রণী ভূমিকা পালন করে। ২০০০ সাল থেকে এ পর্যন্ত ১৬ জন মহিলা অফিসার ও ৩৬ জন মহিলা ক্যাডেটকে নেভাল একাডেমিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে ভাষণদানকালে নৌপ্রধান সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের সৎ, যোগ্য ও আদর্শ অফিসার হিসেবে দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় একাগ্রচিত্তে কাজ করার আহ্বান জানান। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, নৌবাহিনীর সাফল্যের ফলশ্রুতিস্বরূপ প্রথমবারের মতো বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ লেবাননে শান্তিরক্ষা মিশন ইউনিফিলে যোগদান করেছে। এর মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। খবর আইএসপিআরের।