নেভাল একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত
চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে গতকাল বুধবার ‘মিডশিপম্যান ২০১৪-বি’ ব্যাচের নবীন কর্মকর্তাদের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কুচকাওয়াজ পরিদর্শন ও আকর্ষণীয় মার্চপাস্টের সালাম গ্রহণ করেন।
এই কুচকাওয়াজ অনুষ্ঠানের মাধ্যমে নৌবাহিনীর ২০১৪-বি ব্যাচের ৪১ জন মিডশিপম্যান কমিশন লাভ করলেন। তাঁদের মধ্যে তিনজন ফিলিস্তিনের। কুচকাওয়াজ শেষে মিডশিপম্যান ২০১৪-বি ব্যাচের মো. নাজমুল হোসাইন সেরা চৌকস মিডশিপম্যান হিসেবে ‘সোর্ড অব অনার’ লাভ করেন। এ ছাড়া মিডশিপম্যান মো. তানজীম রাহাতকে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্বর্ণপদক এবং মিডশিপম্যান মো. সাব্বির হোসেনকে নৌপ্রধান স্বর্ণপদক প্রদান করা হয়।
কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সদ্য কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের দেশসেবার কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে নৌবাহিনীর প্রধান বলেন, ‘আজ হতে এই বিস্তীর্ণ সামুদ্রিক সম্পদ রক্ষার গুরুদায়িত্ব তোমাদের ওপর অর্পিত হলো। আমার দৃঢ় বিশ্বাস, তোমরা এই দায়িত্ব অত্যন্ত সুষ্ঠু ও সুচারুভাবে পালন করতে সক্ষম হবে।’
নৌবাহিনীর প্রধান বলেন, সামুদ্রিক সম্পদের সংরক্ষণ এবং সকল ধরনের শত্রুর আক্রমণ থেকে সমুদ্রসীমা সুরক্ষার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীকে আধুনিকীকরণ তথা ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে। এই বছরই সংযোজিত হতে যাচ্ছে দুটি সাবমেরিন।
কুচকাওয়াজে নৌ সদর দপ্তর ও চট্টগ্রাম নৌ অঞ্চলের কর্মকর্তা, চট্টগ্রাম অঞ্চলের সেনা ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, দেশি-বিদেশি কূটনীতিক, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী নৌ কমান্ডো এবং শিক্ষা সমাপনী ব্যাচের কর্মকর্তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।