নেরিকা ধান চাষ করে ক্ষতির মুখে দরিদ্র কৃষক
ভর্তুকি হিসেবে কৃষি বিভাগের দেওয়া নেরিকা জাতের ধানবীজ ব্যবহার করে মারাত্মক ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন ঝিনাইদহের দরিদ্র কৃষকেরা। ওই বীজ বপন করা বেশির ভাগ খেতে মাত্র ১৫ দিনেই শিষ এসে গেছে।
কৃষকেরা বলছেন, এই শিষ থেকে ধান পাওয়া যাবে না। অল্প দিনেই চিটা হয়ে গাছ নষ্ট হয়ে যাবে। আমন মৌসুমে তাঁরা দেশি জাতের বীজ ব্যবহার করে বিঘাপ্রতি ২০ মণ ধান পেতেন। আর এখন পাবেন মাত্র দুই মণ।
কৃষকেরা জানান, সরকার তাঁদের আর্থিক সচ্ছলতা ফেরাতে বিনা মূল্যে ধানবীজ দিয়েছিল। কিন্তু কৃষি বিভাগের কর্মকর্তারা এমন জাতের বীজ তাঁদের দিয়েছেন, যা চাষ করে তাঁরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে ঝিনাইদহে এক হাজার ৬৯০ জন কৃষকের মাঝে ১০ কেজি করে মোট ১৬ হাজার ৯০০ কেজি নেরিকা জাতের ধানের বীজ বিনা মূল্যে সরবরাহ করা হয়। একইভাবে ২২৭ জন কৃষকের মাঝে পাঁচ কেজি করে মোট এক হাজার ১৩৫ কেজি দেশি উফশী জাতের বীজ দেওয়া হয়। এর মধ্যে নেরিকা জাত চাষ করা কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ওই বীজ ব্যবহার করা অধিকাংশ কৃষকের খেতে ধানগাছে অসময়ে শিষ এসে গেছে। অল্প দিনেই এগুলো চিটা হয়ে যাবে।
কালীগঞ্জ উপজেলার ফরিয়াদকাটি গ্রামের পাঁচজন কৃষক কৃষি বিভাগ থেকে নেরিকা জাতের ভর্তুকির বীজ পেয়েছিলেন। ওই বীজ রোপণ করা খেতগুলোতে গিয়ে দেখা যায়, ধানগাছে শিষ এসে গেছে। ওই পাঁচজন কৃষকের একজন হলেন আজগার আলী। তিনি বলেন, তাঁর আবাদ করার মতো কোনো জমি নেই। ইজারা নিয়ে তিনি জমি চাষ করেন। গরিব চাষি হওয়ায় কৃষি বিভাগ থেকে তিনি ১০ কেজি বীজ পান। ওই বীজ তিনি ৩৩ শতক জমিতে রোপণ করেন। ইজারাসহ ধান চাষ করতে তাঁর খরচ হয়েছে প্রায় ১৫ হাজার টাকা। তিনি ওই জমিতে ধান পাবেন মাত্র দুই থেকে তিন মণ। অথচ তাঁর ধান পাওয়ার কথা কমপক্ষে ২০ মণ।
কৃষক আজগার আলী জানান, তিনি ১ আগস্ট বীজতলায় বীজ ছিটান। ২২ আগস্ট চারা জমিতে রোপণ করেন। এর ১৫-১৬ দিনের মধ্যেই ধানগাছে শিষ এসে যায়। এই শিষ থেকে ধান হবে না। কৃষি বিভাগের লোকজন তাঁদের জানিয়েছেন, এই নেরিকা জাতের জীবনকাল তিন মাস। তাঁরা সেই সময় হিসাব করেই চাষ করছেন। তার পরও অসময়ে ধানগাছে শিষ এসে গেছে। নেরিকা জাতের বীজ রোপণ করা ফরিয়াদকাটি গ্রামের অপর কৃষকদেরও একই অবস্থা।
জেলার অন্য উপজেলাতেও যাঁরা নেরিকা জাতের ওই বীজ রোপণ করেছেন, তাঁদেরও একই অবস্থা বলে কৃষি বিভাগের একটি সূত্র জানিয়েছে।
এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হযরত আলী বলেন, জাতটি এই অঞ্চলে নতুন। কৃষকেরা ঠিকমতো চাষ করতে না পারায় এটা হতে পারে বলে তিনি দাবি করেন।