নেরিকা-১০ জাতের ধান চাষ করে বিপাকে কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফ্রিকা থেকে আমদানি করা নেরিকা-১০ জাতের ধান চাষ করে বিপাকে পড়েছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চাষিরা। ৯০ থেকে ৯৫ দিনের মধ্যে ফসল ঘরে তোলার কথা থাকলেও তা হচ্ছে না। কৃষক না পারছেন খেত নষ্ট করতে, না পারছেন আমনের খেত তৈরি করতে।বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থা (বিএডিসি) সূত্রে জানা গেছে, স্বল্প জীবনকাল ও প্রতিকূলতাসহিষ্ণু ফসল আবাদ করে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য আফ্রিকা মহাদেশের উগান্ডা থেকে নেরিকা জাতের বীজ আনা হয়। ধানের জীবনকাল ৯০ থেকে ১০০ দিন। ৬০ দিনে শিষ আসার কথা। বিএডিসি ২০০৯ সাল থেকে নেরিকার বীজ উৎপাদন শুরু করে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ছয়টি ইউনিয়নের ৬২০ জন কৃষককে আউশ প্রণোদনা হিসেবে নেরিকা-১০ জাতের আট কেজি করে ধান, ১৬ কেজি করে ইউরিয়া, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়। উপজেলার নন্নী ইউনিয়নের উত্তরবন্ধ, নিশ্চিন্তপুর; কাকরকান্দি ইউনিয়নের বিন্নীবাড়ি; রূপনারায়ণকুড়া ইউনিয়নের বাগিচাপুর গ্রামে গিয়ে দেখা গেছে, নেরিকা-১০ ধানের জমিতে দুই থেকে আড়াই ফুট গাছের উচ্চতা। মাঝেমধ্যে কিছু কিছু গাছে শিষ এসেছে। কিন্তু ধানে কোনো দুধ নেই। উত্তরবন্ধ গ্রামের কৃষক আবুল বাশার (৭০) বলেন, ‘এক বিঘা জমিতে হাল বাদে ৬০০ টাকা, দুবার নিড়ানি বাবদ কামলা খরচ দুই হাজার ৫০০ টাকা, আরও সার দিছি ২৫০ টাকার, পোকা মারুনের লাইগা ১২০ টাকার বিষ দিছি। নিজে তো পরিশ্রম করছি, কিন্তু সবি বৃথা। ক্ষেত ভাইঙ্গা দিবার চাইছিলাম। কৃষি অফিসের লোকজন আর কিছুদিন দেখবার কয়। এই দিকে আমনেরও সময় পার অইয়া যাইতেছে। এহন না পারতাছি ক্ষেত ভাঙ্গতে, না পারতাছি আমন চাষ করতে।’নিশ্চিন্তপুর গ্রামের আ. সালাম (৬৫) বলেন, ‘৩৩ শতাংশ জমিতে নেরিকা-১০ বুপন করছি। সরকারি সহযোগিতা ছাড়াও পাঁচ হাজার টাকা খরচ করছি। গাছ পুষ্ট কিন্তু ধানের শিষে কোনো দুধ নাই।’ বিন্নীবাড়ি গ্রামের রেজাউল করিম (৫০) বলেন, ‘নেরিকা-১০ লাগাইছিলাম। ৭০ দিন পার হওয়ার পর অবস্থা বেগতিক দেইখা ক্ষেত ভাইঙ্গা অন্য ধান লাগাইয়া ফালাইছি।’উপসহকারী কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা এস এম মোস্তফা আলী বলেন, কৃষকদের সার্বক্ষণিক প্রযুক্তিগত পরামর্শ ও অন্তর্বর্তীকালীন পরিচর্যার জন্য মাঠে কাজ করা হয়েছে। কিন্তু সময়মতো ধান না আসায় তাঁরা কৃষকের প্রশ্নের সদুত্তর দিতে পারছেন না। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, বিষয়টি নিয়ে তাঁরাও দুশ্চিন্তায় আছেন। কৃষি সমপ্রাসারণ অধিদপ্তর শেরপুরের উপপরিচালক সুভাষ চন্দ্র দেব নাথ প্রথম আলোকে বলেন, ৯০ থেকে ৯৫ দিনের মধ্যে ফসল ওঠার কথা থাকলেও এখানে সময়টা একটু বেশি লাগবে। কারণ, ধান বপনের সময় পরিচর্যার অভাবে এমনটি হয়ে থাকতে পারে।নেরিকা ধান প্রসঙ্গে বিএডিসি জামালপুরের উপপরিচালক হাসমত আলী (বীজ) প্রথম আলোকে বলেন, এই ধান অঙ্কুর করে লাগাতে হবে। ৪৫ দিনের মধ্যে সার, বিষ, নিড়ানোসহ সব পরিচর্যার কাজ শেষ করতে হবে। তা হলে ৯০ দিনের মধ্যে ফসল পাওয়া যাবে। তবে ধান আসার আগে মাজরা ও গান্ধিপোকা আক্রমণ করলে ধানে দুধ না-ও আসতে পারে। এটা নতুন জাত। খাপ খাওয়াতে সময় লাগতে পারে।