নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে মন্ত্রিসভায় শোক প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালীন মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে গতকাল সোমবার দক্ষিণ আফ্রিকার জাতির পিতা নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিসভার ২২ জন সদস্য বৈঠকে যোগ দেন। তবে জাতীয় পার্টির (জাপা) মন্ত্রী-প্রতিমন্ত্রীরা বৈঠকে অনুপস্থিত ছিলেন। সচিবালয়ে বেলা সাড়ে ১১টায় মন্ত্রিসভার বৈঠক শুরু হওয়ার কথা ছিল। পরে দুপুর সাড়ে ১২টায় তা শুরু হয়। বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা। জাতীয় পার্টির মন্ত্রী-প্রতিমন্ত্রীরা পদত্যাগ করেছেন কি না—জানতে চাইলে সচিব বলেন, ‘তাঁরা পদত্যাগ করেননি। এ-সংক্রান্ত কোনো খবরও আমার কাছে নেই।’ পদত্যাগ করতে হলে প্রধানমন্ত্রীর কাছে তা জমা দিতে হবে এবং তা রাষ্ট্রপতির কাছে যাবে। পদত্যাগপত্র গৃহীত হলেই মন্ত্রিসভার তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হবে।

বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে জাতীয় পার্টির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য কোনো আসনও ছিল না। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, নিয়ম অনুযায়ী তাঁরা না আসায় তাঁদের কোনো আসনও ছিল না। এটা কোনো নতুন বিষয় নয়।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানেও যাননি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সালমা ইসলাম। বৈঠকে ন্যাশনাল ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট আইন, ২০১৩ খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।