নেশা তাঁর বীজ ও চারা রোপণ

শখের বশে ২০০৯ সালের দিকে বৃক্ষরোপণ শুরু করেন তিনি। পরে তা নেশায় পরিণত হয়। ইতিমধ্যে তিনি সড়ক, খালের পাড়, গ্রামের কাঁচা পথের ধারে, গোরস্থান, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে এবং অন্যের পতিত জমিতে ২০ হাজারের বেশি গাছের চারা ও বীজ রোপণ করেছেন। চারা পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের কাজও তিনি করেন। এ জন্য দশগ্রামের লোকের কাছে তিনি বৃক্ষপ্রেমিক হিসেবে পরিচিত।
তাঁর নাম মোস্তাফিজুর রহমান (৪৪)। বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের খাদইল গ্রামে। তিনি উপজেলার কুড়াহার-জামুরহাট সড়ক, জামুরহাট-শিবগঞ্জ সড়ক, খাদইল-জামুরহাট সড়ক, খাদইল-পঞ্চদাস সড়কের দুই পাশে তালবীজ রোপণ করেছেন। গাছগুলো বড় হতে শুরু করেছে। গাছগুলো সড়কের শোভা বর্ধন করছে। এ ছাড়া তিনি খাদইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাদইল ইউনাইটেড উচ্চবিদ্যালয়, চাঁপাচিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামুরহাট দাখেলি মাদ্রাসা, খাদইল কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ফলদ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করেছেন। শুধু গাছ লাগিয়েই তিনি ক্ষান্ত নন, অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করেন। তা ছাড়া এলাকার অনেক শিক্ষার্থীর মধ্যে বাংলা অভিধানসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন।
মোস্তাফিজুর একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে তাঁর ছোট পরিবার। স্ত্রী রিক্তা বেগম শিক্ষকতা করেন। তাঁকে বৃক্ষের বীজ বপন ও চারা রোপণে প্রেরণা জোগান।
চাঁপাচিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোফাজ্জল হোসেন বলেন, মোস্তাফিজুর তাঁর বিদ্যালয়ে গাছের চারা রোপণ করেছেন। শিক্ষার্থীদের নানা শিক্ষা উপকরণ দিয়েছেন।
বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) আবদুল গফুর মণ্ডল বলেন, ‘আমাদের ইউনিয়নের বিভিন্ন সড়কে এখন অসংখ্য তালগাছ শোভা পাচ্ছে। এই গাছ রোপণের কারিগর মোস্তাফিজুর। বৃক্ষের প্রতি তাঁর এমন ভালোবাসা দেখে আমরা মুগ্ধ।’
মোস্তাফিজুর রহমান বলেন, ‘ছোটবেলায় বইয়ে পড়তাম যে গাছ আমাদের অক্সিজেন দেয়। গাছের পাতা, ফুল-ফল মানুষ ও পশুপাখির খাবার ও ওষুধ জোগায়। রোদ-বৃষ্টিতে গাছ মানুষের জন্য ছাতা হিসেবে কাজ করে। জীবন বাঁচাতে গাছের প্রয়োজন। এসব অবদান আমাকে উত্সাহী করে তোলে। গাছ না লাগালে আমার ঠিকমতো ঘুম হয় না। এখন গাছপালার প্রতি গভীর মায়া জন্মে গেছে। যত দিন বেঁচে আছি, গাছের সঙ্গেই আছি। আরও আরও বৃক্ষ রোপণ করতে চাই।’