নেশা থেকে পেশা
পাখির কিচিরমিচির শুনতে কার না ভালো লাগে! আর সেটা যদি হয় নানা প্রজাতির ও বাহারি রঙের বিদেশি পাখি, তাহলে তো কথাই নেই। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পৌর শহরের গড়কান্দা এলাকার মনিরুজ্জামান মনির নামের এক যুবক শখের বশে পাখি পালন শুরু করেন। তবে শখ থেকে এখন বাণিজ্যিকভাবে বিদেশি পাখি পালন ও বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন তিনি।
মনিরের সঙ্গে কথা বলে জানা গেছে, ছোটবেলা থেকেই পাখি পালনের প্রতি নেশা ছিল তাঁর। তবে দেশি পাখি পালনের নানা বিধিনিষেধ রয়েছে। তাই যেসব পাখি খাঁচাতেই জন্মে ও বড় হয়ে থাকে, সেসব বিদেশি পাখির প্রতি তাঁর আগ্রহ বেড়ে যায়। তিন বছর আগে ইন্টারনেটে খোঁজখবর নিয়ে ঢাকা থেকে ‘বাজেরিগর’ নামে চার জোড়া বিদেশি পাখি কিনে খাঁচায় লালনপালন করতে থাকেন। কিছুদিন পর পাখিগুলো বাচ্চা দেওয়ার পর সেগুলো বিক্রি করেন মনির। সেই টাকা দিয়ে আবারও বিভিন্ন প্রজাতির বিদেশি পাখি কেনেন। আস্তে আস্তে তিনি বিদেশি পাখির খামার বড় করতে থাকেন। বর্তমানে তাঁর খামারে লাভবার্ড, গোল্ডেন পেইন, র্যাম, ককাটেল, রেইনবো লোরিকিটসহ ৮ থেকে ১০ প্রজাতির প্রায় দুই শ বিদেশি পাখি রয়েছে। এসব বিদেশি পাখি বিক্রি করে মনির প্রতি মাসে গড়ে ২০ থেকে ৩০ হাজার টাকা উপার্জন করেন বলে জানান।
বিদেশি পাখির পাশাপাশি মনিরের খামারে রয়েছে টারকি মুরগি ও লড়াইয়ের জন্য মোরগ। এগুলোও বিক্রি করেন তিনি। পাখিপ্রেমিক মনিরের দেখাদেখি উপজেলার অনেক যুবকই এখন বিদেশি পাখি পালনের দিকে ঝুঁকছেন।
প্রথম আলোকে মনির বলেন, ‘আমি পাখি বিক্রি করে গত মাসেও ৪০ হাজার টাকা আয় করেছি। শুধু তা-ই নয়, এই পাখির টাকা দিয়েই বাড়িঘর সংস্কার করেছি। আমি মনে করি, যাঁরা বেকার রয়েছেন, তাঁরা যদি স্বল্প পুঁজি দিয়ে বিদেশি পাখি পালন করেন, তাহলে অতি সহজেই স্বাবলম্বী হতে পারবেন।’