নেশাই তাঁদের ছাত্র থেকে চোর বানিয়েছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাদকের নেশাই তাঁদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে চোর বানিয়েছে। এটাই এখন তাঁদের পরিচয়!’ গতকাল রোববার চুরির অভিযোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে আটকের পর তাঁদের কুকীর্তি বর্ণনা করতে গিয়ে এ কথা বলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ শামছুদ্দিন। আটক দুই ছাত্র হলেন—বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের লেভেল-২, সেমিস্টার-২-এর ছাত্র শামীম সুলতান ওরফে শুভ ও ইমরান হোসেন। শামীমের বাড়ি বগুড়া শহরের চেলোপাড়া সেতু এলাকায়। ইমরানের বাড়ি শহরের জলশ্বরীতলায়। তাঁদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। প্রত্যেকের অভিভাবককে খবর দেওয়া হয়েছে এবং প্রত্যেককে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর।প্রত্যক্ষদর্শী ও প্রক্টর কার্যালয় সূত্রে জানা যায়, আটক দুই ছাত্র এক বছর ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে মোবাইল ফোনসেট চুরি এবং ছিনতাইয়ের সঙ্গে জড়িত। বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হলের পূর্ব ভবনের ২১০ নম্বর কক্ষে আগে চুরি হওয়া বেশ কিছু পোশাক ও মোবাইল ফোনসেট গতকাল দেখতে পেয়ে কয়েকজন শিক্ষার্থী হল প্রাধ্যক্ষকে জানান। পরে হল প্রাধ্যক্ষকে সঙ্গে নিয়ে ওই কক্ষ থেকে শামীমকে আটক করা হয়। এ সময় তাঁর দখল থেকে দুটি মোবাইল ফোনসেট, চারটি সিমকার্ড ও একটি মদের বোতল উদ্ধার করা হয়। আটক হওয়ার পর চুরির কথা স্বীকার করে প্রক্টর কার্যালয়ে লিখিত দেন শামীম। স্বীকারোক্তি অনুযায়ী তাঁর সহযোগী ও সহপাঠী ইমরান হোসেনকে আটক করা হয়। মাদক সেবনের কথা স্বীকার করে শামীম ও ইমরান জানান, নেশার টাকা জোগাড় করতেই চুরির পাশাপাশি ছিনতাইয়ের জড়িয়ে পড়েন তাঁরা। প্রক্টর শামছুদ্দিন জানান, শামীম ও ইমরানের স্বীকারোক্তি থেকে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী এ ধরনের চুরির সঙ্গে জড়িত। তবে তদন্তের স্বার্থে কারও নাম এ মুহূর্তে জানানো যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।