নেশাখোরদের আড্ডা জাদুঘর 'উনসত্তরে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উনসত্তরের গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ফটকের পাশে নির্মাণাধীন জাদুঘর ‘উনসত্তর’ এখন অবৈধ রিকশার গ্যারেজ ও নেশাখোরদের আড্ডাস্থলে পরিণত হয়েছে।
এদিকে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি জাদুঘর নির্মাণের কাজ।
জাদুঘরের স্থপতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য অনুষদের সাবেক ডিন নিজাম উদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, এই জাদুঘরে উনসত্তরের শহীদ মতিউর রহমান, আসাদুজ্জামান, সার্জেন্ট জহুরুল হক, সামসুজ্জোহার স্মৃতি সংরক্ষণ করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দ্বিতল এই জাদুঘরটি নির্মাণ করতে ঢাকা সিটি করপোরেশন (দক্ষিণ) মাহাবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেড নামের একটি বেসরকারি নির্মাণপ্রতিষ্ঠানকে কাজ দিয়েছিল। পাঁচ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে এই জাদুঘরের কাজ শুরু হয় ২০০৯ সালের ১১ আগস্ট। চুক্তি অনুসারে চলতি বছরের জুন মাসে জাদুঘরটির কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কাজ শেষ তো দূরের কথা, নিচতলার কাজও শেষ হয়নি।
উনসত্তরের গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, জাদুঘরটির কাজ যাতে শিগগিরই শেষ হয়, সে জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।
সরেজমিন দেখা গেছে, ভবনের নির্মাণকাজ থেমে আছে। ভবনের ফটকে টিনের গেটে তালা লাগানো থাকে। ভেতরে ঢুকে দেখা গেছে, সেখানে প্রায় অর্ধশত রিকশা রাখা। ভবনের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে ভবঘুরে ব্যক্তিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। নির্মাণাধীন ভবনের ভেতরে ফেনসিডিলের বোতল পড়ে আছে।
এ প্রতিবেদক গত শুক্রবার সেখানে গিয়ে দেখেন, নির্মাণাধীন ভবনের বাইরে বেশ কিছু অস্থায়ী ভাসমান দোকান বসেছে। ভেতরে এক কোনায় কয়েকজন যুবক বসে নেশাজাতীয় দ্রব্য সেবন করছে। একপর্যায়ে ভবনের ভেতরে রিকশা রাখা ও ভবঘুরে ব্যক্তিদের থাকা নিয়ে ওই যুবকদের মধ্যে বাগিবতণ্ডা হয়। পরে সেখানে দুই গ্রুপে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
রিকশা গ্যারেজের দেখভাল করেন সুলতান নামের ওই ভবনের এক নিরাপত্তাকর্মী। রিকশা গ্যারেজ বৈধ না অবৈধ, এ বিষয়ে প্রশ্ন করা হলে সুলতান বলেন, ‘বইলা লাভ নাই, এইটা সকলেই জানে।’
জানতে চাইলে নির্মাণপ্রতিষ্ঠান মাহাবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, তিনি সন্ধ্যার পর ভবনের ভেতরের একটি ঘরে থাকেন। বাইরে কী হয় জানেন না। রিকশা গ্যারেজ ও স্থানীয় যুবকদের নেশা ও অবাধ যাতায়াতের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
জাদুঘরের কাজ নির্ধারিত সময়েও শেষ না হওয়ার কারণ জানতে চাইলে মনোয়ার হোসেন দাবি করেন, পানির লাইন সরানোসহ বেশ কিছু জটিলতার কারণে কাজে ধীরগতি হয়েছে। তিনি বলেন, ‘আশা করি, এ বছরের শেষ দিকে কাজ শেষ করতে পারব।’
ঢাকা সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, ‘আমি এই পদে নতুন। বিস্তারিত জেনে ব্যবস্থা নেব।’