নেশাগ্রস্ত ছেলেকে আদালতে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘খুব আদরের ছেলে ছিল ও। অসম্ভব রকমের মেধাবীও ছিল। এইচএসসি পর্যন্ত খুব ভালো ফলাফল করেছে। কিন্তু সঙ্গদোষে নেশায় আসক্ত হয়ে পড়ে সে। ওর জন্য বাড়িতে কোনো জিনিসপত্র রাখা যেত না। টাকাপয়সা, ঘটিবাটি, ছাগল-মুরগি, চাল থেকে শুরু করে হাতের কাছে যখন যা পেত, তা-ই চুরি করে নিয়ে বিক্রি করে ওই টাকায় সারা দিন নেশা করে রাতে বাড়ি ফিরত।‘নেশার টাকা না পেলে পরিবারের সবাইকে গালিগালাজ করত, মারধর করত মা-বাবা ও স্ত্রীকে। দিনের পর দিন ছেলের এমন অত্যাচার চলেছে। অতিষ্ঠ হয়ে নিজের ছেলেকে ইউএনওর কাছে সোপর্দ করেছে ওর বাবা। কতটা অসহায় হলে এই নিষ্ঠুর কাজটুকু করতে হলো মা-বাবা হিসেবে, এটা কাউকে আমরা বুঝাতে পারব না। জেলে থেকে সংশোধন হয়ে বাড়ি ফিরুক, এ আশায় পথ চেয়ে আছি।’জয়পুরহাটের কালাই উপজেলার হারুঞ্জা গ্রামের মাদকাসক্ত ছেলে তৌফিকুল ইসলাম ওরফে সবুজকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করার কারণ জানতে চাইলে কাঁদতে কাঁদতে এভাবেই ছেলের অত্যাচারের কথা বলছিলেন মা তসলিমা বেগম। অনেক চেষ্টা করেও নেশা থেকে ফেরাতে না পেরে সবুজকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন বাবা পল্লি চিকিৎসক আলমগীর হোসেন। বাবার মুখে সব বর্ণনা শোনার পর পুলিশ দিয়ে তাঁর দেহ তল্লাশি করে গাঁজা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারিক হাকিম ও কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহিম মাদকাসক্ত সবুজকে এক বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠিয়ে দেন। গতকাল কালাইয়ের ইউএনওর কার্যালয়ে এ ঘটনা ঘটে।পারিবারিক সূত্রে জানা গেছে, এইচএসসি পাস করা পর্যন্ত এলাকায় মেধাবী ও নম্র হিসেবে সবুজের বেশ সুনাম ছিল। সঙ্গদোষে সবুজ প্রথমে গাঁজা-ফেনসিডিল এবং পরে কফ সিরাপের সঙ্গে ঘুমের ট্যাবলেট মিশিয়ে নেশা করতেন। একটি অফিসের চেক চুরি করে টাকা তুলতে গিয়ে কয়েক দিন আগে ধরা পড়েন সবুজ। স্ত্রী ছাড়াও সবুজের দুই বছরের একটি ছেলে রয়েছে।আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘ইদানীং নেশার টাকার জন্য সবুজ আমাকে এবং ওর মাকে প্রায়ই মারধর করত। ঘটনার দিন নেশার টাকা না পেয়ে সবুজ ওর মাকে বেদম মারধর করে। বাধ্য হয়ে নিজেই ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছি।’কালাই থানার উপপরিদর্শক (এসআই) নৃপেন্দ্রনাথ জানান, পুলিশের সহযোগিতায় আলমগীর হোসেন নিজেই তাঁর মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। তল্লাশি করে সবুজের কাছ থেকে দুই পুরিয়া গাঁজা পাওয়া গেছে। হাতেনাতে প্রমাণ এবং বাবার আরজি শোনার পর ভ্রাম্যমাণ আদালত এক বছরের সাজা দিয়ে সবুজকে জেলে পাঠিয়ে দেন।