নেশাগ্রস্ত ছেলেকে জেলে রাখার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে অসহায় এক বাবা আদালতে হাজির হয়ে তাঁর নেশাগ্রস্ত ছেলেকে এক বছরের জন্য কারাগারে রাখার আবেদন জানিয়েছেন। গত রোববার গোপালগঞ্জের মুখ্য বিচারিক হাকিমের আদলতে হাজির হয়ে শহরের মডেল স্কুল সড়কের এস এম সাইদুর রহমান (৭০) লিখিত ওই আবেদন করেন। আদালত সূত্রে জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি শহরের লঞ্চঘাট এলাকা থেকে পুলিশ কাজলুর রহমান নামের এক যুবককে গ্রেপ্তার করে। পরে গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ৫৫ ধারায় কাজলুরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠান। রোববার ওই মামলার শুনানির দিন ছিল। আদালতে হাজির হয়ে সাইদুর রহমান তাঁর ছোট ছেলে কাজলুর রহমানকে নেশাগ্রস্ত দাবি করে বলেন, ‘নেশা ছাড়াতে তাকে কয়েকবার চিকিৎসা করানো হয়েছে। কিন্তু সুফল পাইনি। এখন কাজলুর আমার নিয়ন্ত্রণের বাইরে। নেশার টাকার জন্য সে প্রতিদিন বাসায় ভাঙচুর ও মারপিট করে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’ তাই তিনি আদালতের কাছে আইনি সাহায্য চেয়ে কাজলুরকে এক বছর জেলহাজতে রাখার আবেদন জানান।