নেশাগ্রস্ত ছেলেকে থানায় সোপর্দ
নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে তাকে থানায় সোপর্দ করেছেন বাবা। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া গ্রামে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মধুখালী উপজেলার নওপাড়া গ্রামের মহিউদ্দিন শেখের ছেলে দাউদ শেখ (৩০) দীর্ঘদিন ধরে বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করে আসছিলেন। প্রায়ই তিনি নেশা করে বাড়িতে এসে পরিবারের লোকজনের সঙ্গে দুর্ব্যবহার করতেন। বুধবার রাতে দাউদ নেশা করে বাড়িতে এসে স্ত্রী, বাবাসহ পরিবারের লোকদের অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। পরিবারের লোকজন এর প্রতিবাদ করলে তিনি লাঠি নিয়ে বাড়ির সবাইকে মারতে আসেন। অবশেষে গতকাল সকালে পরিবারের অন্য সদস্যদের সহায়তায় নেশাগ্রস্ত দাউদকে মধুখালী থানায় সোপর্দ করেন বাবা।দাউদের বাবা মহিউদ্দিন শেখ জানান, দাউদ দীর্ঘদিন ধরে নেশা করে আসছে। নেশার পথ থেকে ফিরিয়ে আনতে বহু চেষ্টা করেও কাজ হয়নি।