নেশাগ্রস্ত ছেলেকে রুখতে শেষ পর্যন্ত মামলাই করলেন মা
১০ বছরের ছোট ছেলেকে নিয়ে ভিক্ষা করেন মা। সারা দিন গ্রামেগঞ্জে ঘুরে মানুষের কাছে চেয়েচিন্তে যা পান, বাড়ি এনে সযত্নে লুকিয়ে রাখেন সেসব। পাছে বড় ছেলে টের পেয়ে যায়, এই তাঁর ভয়। কারণ ছেলে আবুল মিয়া (২৫) নেশা করেন। তবু ডাকাতের মতো হানা দেন ছেলেটা। ভিক্ষে করে আনা মায়ের শেষ সম্বলটুকুও নির্দয়ের মতো ছিনিয়ে নেন। আর যেদিন কিছুই পান না সেদিন নির্ঘাত মারধর জোটে কপালে। পঞ্চাশোর্ধ্ব বৃদ্ধা আমিনা বেগম যেন আর সইতে পারছিলেন না। অত্যাচারে অতিষ্ঠ মা তাই মামলা ঠুকে দেন নেশাখোর ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়। মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বিনোদপুর গ্রামের আমিনা বেগম ও মৃত হান্নান মিয়ার বড় ছেলে আবুল মিয়া (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশা করে বাড়ি ফিরে প্রায়ই তিনি মা ও স্ত্রীকে গালমন্দ করতেন। দরিদ্র মা ও স্ত্রী টাকা দিতে না পারলে তাঁদের মারধরও করতেন। স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্ত্রী তিন মাস আগে সন্তানদের নিয়ে বাবার বাড়ি একই ইউনিয়নের কৈলশাজুরি চলে যান। মা আমিনা বেগম ছোট ছেলে ধন মিয়াকে (১০) নিয়ে ভিক্ষা করে সংসার চালাতেন। কিন্তু দিন দিন বেড়েই চলছিল নেশাখোর ছেলের অত্যাচার। বাধ্য হয়েই আমিনা বেগম গতকাল বৃহস্পতিবার তাহিরপুর থানায় মামলাটি করেন। এক প্রশ্নের জবাবে আমিনা বেগম কেঁদে কেঁদে বলেন, ‘কইলজাত কতখান কষ্ট পাইলে মা পোয়ার (ছেলের) নামে মামলা করে, এইডা বুইজ্যা লইন।’ তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।