নেশাগ্রস্ত ছেলের নির্যাতন পালিয়ে বেড়াচ্ছেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এমন সন্তান আমি গর্ভে ধরেছিলাম এ কথা বিশ্বাস হতে চায় না বাবা!’ এই বলে কান্নায় ভেঙে পড়েন এক মমতাময়ী মা। মাদকসেবী ছেলের নির্যাতনে তিনি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। গত শনিবার সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়ায় মেয়েজামাইয়ের বাড়িতে আত্মগোপনে থাকা জাহানারা বেগমের সঙ্গে কথা হয়। তিনি জানান, তাঁর বাড়ি রংপুরের পাগলাপীর গোকুলপাড়া গ্রামে। তাঁর স্বামী স্কুলশিক্ষক আবদুল করিম ছয় বছর আগে মারা যান। এরপর একমাত্র ছেলে জাহাঙ্গীর আলমের (৩৫) ওপর নির্ভরশীল হয়ে পড়েন তিনি। অন্য চার মেয়ের বিয়ে হয়ে গেছে, থাকেন অন্যত্র। এ অবস্থায় ছেলে নেশার টাকার জন্য নানাভাবে তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন। জাহাঙ্গীর তিন সন্তানের জনক।জাহানারা বেগম বলেন, ‘অমানবিক আচরণের পরও বারবার জাহাঙ্গীরকে ক্ষমা করেছি। যখন যা চেয়েছে, তাই দিয়েছি আদরের সন্তানকে। এভাবে গত ছয় বছরে তার বাবার সব সহায়সম্পত্তি বিক্রি করে নেশা করছে সে। পরে আমার গহনাগুলোতেও হাত দিয়েছে। মৃত্যুর আগে স্বামী কিছু জমি আমার নামে লিখে দেন। নেশাগ্রস্ত ছেলের চিকিৎসা করাব ভেবে ওই জমি আমি ১৬ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করে দিই। তাঁকে একটা সুন্দর ঘর বানিয়ে দেব। আমার যা কিছু আছে, তা তো আমার একমাত্র ছেলেরই। তার বোনেরাও এতে আপত্তি তোলেনি। এখন আমার কাছ থেকে সে সব টাকা হাতিয়ে নিতে চায়। আমি জানি, ওই টাকায় জাহাঙ্গীর নেশা করবে, তাই আমি পালিয়ে বেড়াচ্ছি। আশ্রয় নিয়েছি মেয়ে জামাইবাড়িতে। কিন্তু এখানেও স্বস্তি পাচ্ছি না। জাহাঙ্গীর ও তার নেশাখোর বন্ধুরা আমাকে হুমকি দিচ্ছে, আমাকে উঠিয়ে নিয়ে যাবে। জানি না, আমি কী করব?’এ ব্যাপারে জাহাঙ্গীর বলেন, ‘মা আমার কিছুই করতে পারবে না, কিন্তু আমি তাঁর অনেক ক্ষতি করতে পারব। তাঁকে সাবধান করে দেবেন।’