নেশাগ্রস্ত বাবার হাতে শিশু খুন
নড়াইলের লোহাগড়ায় এক নেশাগ্রস্ত বাবা তাঁর তার তিন বছর বয়সের ছেলে সিয়াম শেখকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে দিঘলিয়া ইউনিয়নের টিকেরডাঙ্গা ব্রিজের ওপর থেকে লোহাগড়া থানার পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে।পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার কোটাকোল ইউনিয়নের কোটাকোল গ্রামের ভ্যানচালক মুকুল শেখ (৩২) সিয়াম শেখের বাবা। তাঁর পাঁচ বছর বয়সের এক মেয়েও আছে। শ্বশুরবাড়ি দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামে। স্ত্রী জবেদা খানম ভিক্ষা করে সংসার চালান। জবেদা খানম (২৫) বলেন, ‘স্বামী মুকুল নেশা করে বেড়ায়। সংসারের খোঁজ নেয় না। প্রায় এক বছর আগে বাবার বাড়ি চলে এসেছি। বাবার বাড়িতে থেকে ভিক্ষা করে দুই ছেলেমেয়ে নিয়ে কোনো রকম দিন কাটাই। বুধবার গভীর রাতে আমার কাছ থেকে ছেলেকে নিয়ে এসেছে। ছেলে হত্যার দায়ে তার বিরুদ্ধে মামলা করব।’ মুকুল শেখ ছেলে হত্যার কথা স্বীকার করে বলেন, ‘শ্বশুরবাড়িতে গেলে স্ত্রী আমাকে থাকতে দেয় না। বুধবার রাতে গেলেও তাড়ায় দেছে। এরপর আমি ঘুরে ফিরে রাত একটা থেকে দুইটার দিকে স্ত্রীর কাছ থেকে ছেলেকে নিয়ে আসি। স্ত্রী তখন বলেছিল, “ছেলের কিছু হলে তুমি দায়ি থাকবা।” ছেলেকে নিয়ে এসে টিকেরডাঙ্গা ব্রিজের ওপর আছাড় মারি। তারপর পানিতে ফেলে দিয়ে চলে আসি।’ সুরতহাল প্রতিবেদনকারী লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) আবুজর গিফারি জানান, মুকুলের স্বীকারোক্তিমতে এলাকাবাসী সকালে পানি থেকে লাশ উদ্ধার করেছে। পুলিশ ব্রিজের ওপর লাশটি পেয়েছে। লাশে হাত, গলা, চোখ ও মাজায় আঘাতের চিহ্ন আছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, মুকুলকে আটক করে থানায় আনা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। লাশের ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।