নেশাগ্রস্ত স্বামীর কাণ্ড!
ফরিদপুরের বোয়ালমারীতে কবরস্থানে নিয়ে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগে স্বামীর বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাতে মামলা করেছেন স্ত্রী। মামলার পর স্বামী গা-ঢাকা দিয়েছেন।মামলার এজাহার সূত্রে জানা গেছে, ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়নের ইছাপাশা গ্রামের বদিয়ার রহমানের মেয়ে রোজিনা বেগমের (২২) সঙ্গে দুই মাস আগে বিয়ে হয় বোয়ালমারীর রূপাপাত ইউনিয়নের ডহরনগর গ্রামের ইউনুস শেখের ছেলে নসিমন চালক ফিরোজ শেখের (৩০)। বিয়ের পরই রোজিনা বুঝতে পারেন তাঁর স্বামী নেশাগ্রস্ত। তিনি স্বামীকে নেশার কবল থেকে ফেরানোর নানা চেষ্টা করে ব্যর্থ হন।রোজিনা অভিযোগ করেন, ‘ঈদের আগে আমি বাবার বাড়ি যাই। গত বুধবার ফিরোজ আমাকে নাকফুল কিনে দেওয়ার কথা বলে বোয়ালমারীর সহস্রাইলে ডেকে আনেন। এরপর সন্ধ্যার দিকে আমাকে বোয়ালমারীর ছোলনা কবরস্থানে নিয়ে আসেন। সেখানে আমার পরনের ওড়না দিয়ে আমাকে শ্বাসরোধ করার চেষ্টা করলে একপর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি।’মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) তোতা মিয়া জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মামলার আসামি ফিরোজ পলাতক রয়েছেন। ফিরোজের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে তাঁর চাচাতো ভাই নূরুল ইসলাম বলেন, ‘বিষয়টি দুই পরিবারের মধ্যে মীমাংসার চেষ্টা করছি।’