মাদকাসক্ত একজন যুবককে প্যাথেডিন ইনজেকশন দেওয়ার সময় গোয়েন্দা পুলিশ (ডিবি) গত শুক্রবার শহরের একটি ওষুধের দোকান থেকে দোকানমালিক এবং ওই যুবককে গ্রেপ্তার করেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই দোকান থেকে ১১০টি প্যাথেডিন-জাতীয় ইনজেকশন ও ভারতীয় নিষিদ্ধ যৌন উত্তেজক ৮৪০টি বড়ি উদ্ধার করে। বরগুনা থানা সূত্রে জানা গেছে, শহরের শেরেবাংলা সড়কের খান ফার্মেসি নামের ওই ওষুধের দোকান থেকে দীর্ঘদিন ধরে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই প্যাথেডিন ইনজেকশন ও নেশাজাতীয় নানা ওষুধ বিক্রির অভিযোগ রয়েছে। শুক্রবার রাত নয়টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। তখন জনি নামে একজন মাদকাসক্ত যুবককে প্যাথেডিন ইনজেকশন দেওয়ার সময় দোকানমালিক জাকির হোসেনকে ধরে ফেলে। পুলিশ তাঁদের কাছে চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখতে চাইলে তাঁরা তা দেখাতে পারেনি। পরে ওই দোকানে অভিযান চালিয়ে ৮৪০টি ভারতীয় নিষিদ্ধ যৌন উত্তেজক বড়ি এবং ১১০টি প্যাথেডিন-জাতীয় ইনজেকশন উদ্ধার করে পুলিশ। শুক্রবার রাতে বরগুনা থানায় পুলিশের জিজ্ঞাসাবাদে জাকির হোসেন খান দীর্ঘদিন ধরে ব্যবস্থাপত্র ছাড়া বিক্রি-নিষিদ্ধ প্যাথেডিন ইনজেকশন বিক্রির কথা স্বীকার করেন। বরগুনা সদরের সহকারী পুলিশ সুপার (সার্কেল এএসপি) এইচ এম আজিমুল হক গতকাল শনিবার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।