নেশাদ্রব্য খাইয়ে স্বর্ণ ও ৬০ হাজার টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতের খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য খাইয়ে ১৫ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৬০ হাজার টাকাসহ বিভিন্ন ধরনের মালামাল লুটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রাজধানীর অদূরে সাভার পৌরসভার কোটপাগাড় এলাকার আবুল কাশেম সরদারের বাড়ির ভাড়াটেদের সহায়তায় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। স্থানীয় লোকজন ভাড়াটেসহ তিনজনকে আটক করার পর তাঁরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, সপ্তাহ খানেক আগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার পাচুরিয়ারচর গ্রামের রানা মিয়া ও তাঁর স্ত্রী সখিনা বেগম আবুল কাশেম সরদারের বাড়ির একটি কক্ষ ভাড়া নেন। এর পর থেকেই তাঁরা ওই বাড়িতে লুটপাটের পরিকল্পনা করতে থাকেন। পরিকল্পনা অনুযায়ী বুধবার রাতে তাঁরা বাড়ির মালিক কাশেমের পরিবারের খাবারের সঙ্গে নেশাদ্রব্য মেশান। রাতে ওই খাবার খেয়ে অচেতন হয়ে পড়েন কাশেমের মেয়ে নার্গিস বেগম ও তাঁর স্বামী মো. চান মিয়া এবং নার্গিসের ছেলে টুটুল মিয়া। বাড়িতে আর কেউ না থাকার সুযোগে রানা মিয়া কয়েকজন সহযোগীর সহায়তায় মালিকের ঘরে ঢুকে আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ অর্থসহ বিভিন্ন মালামাল লুট করেন। এরপর সহযোগীদের মাধ্যমে লুট করা মালামাল সরিয়ে ফেলেন। কাশেমের বাড়ির অপর ভাড়াটে সুফিয়া বেগম জানান, রাত দুইটার দিকে বাসার মালিকের ঘরে শব্দ পেয়ে জেগে ঘর থেকে বের হন। তিনি বাড়ির উঠানে ছোড়া হাতে দুই ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে তাঁরা পালিয়ে যান। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে বাড়ির মালিকের ঘরের দরজা ও আলমারি ভাঙা পান এবং তিনজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিভিন্ন কারণে সন্দেহ হলে স্থানীয় লোকজন ভাড়াটে রানা মিয়াকে ধরে মারপিট করলে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এরপর তাঁর স্বীকারোক্তি অনুযায়ী আটক করা হয় পাশের বাড়ির ভাড়াটে ঝন্টু মিয়াকে। রানা জানান, ঝন্টুর পরামর্শেই তাঁরা সপ্তাহ খানেক আগে ওই বাড়িতে ভাড়াটে হিসেবে ওঠেন। গত বুধবার রাতে ঝন্টুই তাঁদের নেশাজাতীয় দ্রব্য সরবরাহ করেন। খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খেয়ে বাড়ির লোকজন অচেতন হয়ে পড়লে ঝন্টুসহ আরও দুজনের সহযোগিতায় তাঁর স্ত্রী ও তিনি দরজা ভেঙে ঘরে ঢুকে লুটপাট করেন। আবুল কাশেমের ছেলে আবদুল মজিদ জানান, ঘটনার পর গতকাল সকালে খবর দেওয়া হলেও সাদা পোশাকে পুলিশ আসে সন্ধ্যায়। এরপর রানা ও তাঁর স্ত্রী সখিনা বেগমসহ ঝন্টুকে পুলিশে সোপর্দ করা হয়। তবে পুলিশের ওই কর্মকর্তার নাম জানাতে পারেননি তিনি। এ ব্যাপারে গতকাল রাত সাড়ে নয়টার দিকে যোগাযোগ করা হলে সাভার থানার উপপরিদর্শক আবুল হোসেনসহ থানার কর্তব্যরত কর্মকর্তা মাহফুজা বেগম পুরো বিষয়টি এড়িয়ে যান।