নেশামুক্ত যৌবন চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিপিএ-৫ পাওয়া যশোরের সংবর্ধিত শিক্ষার্থীদের একাংশ ছবি: প্রথম আলো
জিপিএ-৫ পাওয়া যশোরের সংবর্ধিত শিক্ষার্থীদের একাংশ ছবি: প্রথম আলো

দৈনিক একটি করে ভালো কাজ করব আর একটি করে খারাপ কাজ বর্জন করব। আমাদের যৌবনকে নেশায় আসক্ত হতে দেব না। নেশামুক্ত যৌবন চাই। গতকাল রোববার যশোরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
প্রথম আলোর উদ্যোগে ও রাষ্ট্রায়ত্ত মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের সহায়তায় দেশব্যাপী এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। যশোর জিলা স্কুল মিলনায়তনে সকাল নয়টায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠান হয়েছে দুই পর্বে। দ্বিতীয় পর্ব শুরু হয় বেলা একটায়। অনুষ্ঠানে জেলার এক হাজার ৪০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রথম পর্বে বক্তব্য দেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ এস এম এবাদুল হক, সেখ আকিজ উদ্দীন কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান, দাউদ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন প্রামাণিক, টেলিটকের কর্মকর্তা মির্জা আসিফুর রহমান ও প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক ফিরোজ জামান চৌধুরী।
দ্বিতীয় পর্বে আলোচনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর শাখার সভাপতি হারুন-অর-রশীদ, যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ, সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহম্মদ গোলাম মোস্তফা, ডা. আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের উপাধ্যক্ষ ইকবাল হোসেন প্রমুখ। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন-অর-রশীদ বলেন, ‘আমাদের যৌবনকে নেশায় আসক্ত হতে দেব না। প্রথম আলোর এই অনুষ্ঠান থেকে আজকেই তোমাদের এ শপথ নিতে হবে।’ আকিজ কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবর রহমান বলেন, ‘দৈনিক একটি করে ভালো কাজ করব আর একটি করে খারাপ কাজ বর্জন করব—এই হোক আমাদের আজকের শপথ।’ ডা. আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের উপাধ্যক্ষ ইকবাল হোসেন মা, বাবা, শিক্ষক আর প্রথম আলোর জন্য শিক্ষার্থীদের করতালি দিতে বলেন। এ সময় মুক্তিযোদ্ধাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১০ সেকেন্ড দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

শিক্ষার্থী জিহাদ হোসেন বলে, ‘আমার অনুপ্রেরণা ছিল মা-বাবা আর শিক্ষক, আজ থেকে আরেকটি যুক্ত হলো, সেটি হচ্ছে প্রথম আলো।’ শিক্ষার্থী সাজিদ মণ্ডল বলেন, ‘কৃতী শিক্ষার্থীদের সবাই ডাক্তার- ইঞ্জিনিয়ার হতে চায়। ডাক্তার-ইঞ্জিনিয়ার তো দেশে কম নেই। এবার আমরা ভালো মানুষ হওয়ার শপথ নিলাম।’ অনুষ্ঠানে জেলার তিনটি সেরা শিক্ষাপ্রতিষ্ঠান— দাউদ পাবলিক স্কুল, সেখ আকিজউদ্দীন কলেজিয়েট স্কুল ও আমিনিয়া দাখিল মাদ্রাসাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

দুই পর্বের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান তারকা পুলক ও কৌশিক, বন্ধুসভার সদস্য উন্মে সালমা, ইন্দ্রানী হালদার ও বেনজির আহমেদ। পাঁচজন সংবর্ধিত শিক্ষার্থী নাচ ও গান পরিবেশন করে। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিল যশোর বন্ধুসভা।

ব্রাহ্মণবাড়িয়া

স্থান: ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তন

সময়: সকাল ১০টা

নোয়াখালী

স্থান: শিল্পকলা একাডেমী মিলনায়তন

সময়: সকাল নয়টা