নেশার ইনজেকশনসহ মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
আমদানি নিষিদ্ধ ৫০০ অ্যাম্পুল নেশাজাতীয় ইসজেকশনসহ গতকাল বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেট এলাকায় এক মাদ্রাসাশিক্ষক ধরা পড়েছেন।গ্রেপ্তারকৃত রবিউল ইসলামের (২৭) বাড়ি জয়পুরহাটে। তিনি নিজেকে জয়পুরহাট সদরের হিসমি নূরানী মাদ্রাসার শিক্ষক হিসেবে পরিচয় দিয়েছেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো অঞ্চলের উপপরিচালক মজিবুর রহমান পাটওয়ারি জানান, গতকাল বেলা ১১টার দিকে রবিউলকে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের পাশের ফার্মগেট মিনি চায়নিজ রেস্তোরাঁ থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছে থাকা কালো রঙের একটি ব্রিফকেসের ভেতর পাওয়া যায় ৫০০টি ভারতে তৈরি লুপিজেসিক ইনজেকশন। বাংলাদেশে এটি নেশার উপকরণ হিসেবে ব্যবহূত হয়।গ্রেপ্তারকৃত রবিউল জানান, জয়পুরহাটে ‘দুলাভাই’ বলে পরিচিত একজন তাঁকে ওই ব্রিফকেসটি ঢাকায় পৌঁছে দিতে বলেন। এর জন্য তাঁকে অনেক টাকা দেওয়ার লোভ দেখানো হয়। রবিউলের দাবি, এটাই তাঁর প্রথম মাদক পাচার কাজে জড়িত হওয়া।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জয়পুরহাট দিয়ে লুপিজেসিক ইনজেকশন বাংলাদেশে ঢুকছে। এর আগে জয়পুরহাটের কয়েকজন একই ধরনের ইনজেকশনসহ গ্রেপ্তার হয়েছিল।