নেশার জন্য টাকা চেয়ে না পেয়ে হাতুড়িপেটা!
কুমিল্লার দেবীদ্বারে নেশার টাকা চেয়ে না পেয়ে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ দেবীদ্বার শাখার সদস্য ও উপজেলার বেগমাবাদ গ্রামের দিনমজুর লবচন্দ্র নাহাকে (২৮) হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে তিন মাদকাসক্ত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বেগমাবাদ বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত লবচন্দ্র মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র নাহার ছেলে। এ ঘটনায় আহত লবচন্দ্র বেগমাবাদ গ্রামের মাদকাসক্ত বিল্লাল হোসেনসহ (২৬) অজ্ঞাতনামা আরও দুই সহযোগীর বিরুদ্ধে দেবীদ্বার থানায় অভিযোগ করেছেন। আহত লবচন্দ্রকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে হামলার খবর পেয়ে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটি ঢাকায় এক সভা থেকে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে। চিকিৎসাধীন লবচন্দ্র জানান, বৃহস্পতিবার ইফতারের আগে বেগমাবাদ বাজারে দোকানে দোকানে পানি দেওয়ার কাজ করার সময় মাদকাসক্ত বিল্লাল তার দুই সহযোগীকে সঙ্গে নিয়ে তাঁকে (লবচন্দ্র) ডাকেন। মাদকাসক্তরা নেশা করার জন্য তাঁর কাছে টাকা চায়। কিন্তু দরিদ্র লবচন্দ্র তা না দেওয়ায় মাদকাসক্তরা খেপে বাজারে রফিক মেম্বারের দোকানের সামনে হাতুড়ি দিয়ে পিটিয়ে তাঁকে গুরুতর জখম করে ফেলে চলে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আবদুর রউফ জানান, হাতুড়ি দিয়ে পেটানোয় লবচন্দ্রের মাথা ও পিঠে জখম হয়েছে।দেবীদ্বার থানার এসআই শাহ্ কামাল আকন্দ জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।