বগুড়ায় নেশায় আসক্ত পথশিশুরা মাদকের টাকা জোগাতে চুরি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। বগুড়ায় পুলিশের হাতে আটক চার পথশিশু নেশার টাকা জোগাতে দিনদুপুরে কীভাবে শহরের বাড়িঘরে ঢুকে চুরি করে তার বর্ণনা দিতে গিয়ে অপরাধে জড়িয়ে পড়া শহরের অনেক পথশিশুর ব্যাপারে তথ্য দিয়েছে। পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, বগুড়া শহরে দিনে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় চোর চক্র শনাক্ত করতে গোয়েন্দা পুলিশকে মাঠে নামানো হয়। শেরপুর থানা এলাকায় দিনদুপুরে একটি চুরির ঘটনায় পুলিশের হাতে ধরা পড়ে আলম হোসেন (১১) নামে এক শিশু। তার স্বীকারোক্তি অনুযায়ী আটক করা হয় বগুড়া শহরের সংঘবদ্ধ শিশুচোর চক্রের আরও কয়েকজনকে। তারা শহরের বাড়িঘরে দিনে চুরির দুঃসাহসিক কৌশল প্রকাশ করে। পুলিশ সূত্র জানায়, শেরপুর থানা পুলিশের হাতে আটক আলম হোসেন বগুড়া শহরের একটি সংঘবদ্ধ শিশুচোর চক্রের সন্ধান দেয়। শনিবার রাতে শহরের রেলস্টেশন এলাকার বস্তি থেকে পুলিশ আটক করে চোর চক্রের দলনেত্রী পারভীন, সদস্য সাগর (১১), শহীদুল (১৫) ও শায়নাকে (১১)। এর মধ্যে পারভীনের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার সরকারপাড়ায়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ শনিবার রাতেই কাহালু থানা এলাকা থেকে শিশুচোরদের সহযোগী ও সোনার দোকানের মালিক কালিপদ চন্দ্র সরকার (২৬) এবং দোকানের কর্মচারী বাদল ফকিরকে (২৫) আটক করে।গতকাল রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে শিশুচোর এবং তাদের সহযোগীদের সাংবাদিকদের মুখোমুখি করা হলে শিশুরা জানায়, নেশার টাকা জোগাতে তারা চুরির কাজে জড়িয়ে পড়েছে। সাগর জানায়, একসময় কাগজ কুড়াত সে। কাগজ কুড়াতে গিয়ে সে রেলবস্তির শিশুদের সঙ্গে মিশে নেশায় আসক্ত হয়। নেশার টাকা জোগাতে গিয়ে দলনেত্রী পারভীনের খপ্পরে পড়ে বাসাবাড়িতে চুরি শুরু করে। সাগর আরও জানায়, তারা পাঁচ-সাতজন দল বেঁধে কাগজ ও ভাঙারি কুড়ানোর ছলে বস্তা কাঁধে নিয়ে শহরের আবাসিক এলাকার অলিগলিতে ঢুকে পড়ে। কোনো বাসায় তালা দেওয়া দেখলে তারা বস্তা থেকে রড বের করে তা ভেঙে ফেলে। সাগর বলে, ‘তালা ভাঙা সম্ভব না হলে দরজা-জানালা ভেঙে বাসায় ঢুকি। বাসায় ঢোকার পর নগদ টেকা পয়সা, ছোটখাটো জিনিসপাতি ছালায় তুলি। হামাগেরে সর্দারনি খালি সোনাদানা আর দামি জিনিস খোঁজে। চোরাই মাল বিক্রির পর হামাগেরে হাতত দু-এক শ টেকা দেওয়া হয়। সব টেকা আর সোনাদানা লেয় সর্দারনি।’ শায়না বলে, ‘নেশার টেকার জন্যি চুরি করি।’ পারভীন আখতার জানান, তিনি মাঝেমধ্যে নেশা করেন। সমাজ-সংসার থেকে আঘাত পেয়েই তিনি এমন কাজে জড়িয়েছেন। পারভীনের দাবি তিনি এ চক্রের হোতা নন। পুলিশ সুপার জানান, দিনদুপুরে বাড়িঘরে চুরির কাজে জড়িত এ চক্রের প্রধান লক্ষ্য থাকে বাসার স্বর্ণালংকার চুরি করা। এ চক্রের সঙ্গে শহরের কতিপয় স্বর্ণ ব্যবসায়ীও জড়িত। পুলিশ সোনার দোকানের মালিক কালিপদের কাছ থেকে চোরাই একটি সোনার চেইন ও দুটি আংটি এবং পারভীনের কাছ থেকে সোনার এক জোড়া বালা ও দুই জোড়া দুল উদ্ধার করেছে। শিশুচোরেরা নেশার টাকার জন্য চুরি, ছিনতাই ছাড়াও নানা অপরাধে জড়িয়ে পড়ার কথা স্বীকার করেছে।