নেশার টাকা জোগাতে সুদের জালে আটকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনিতে সংঘবদ্ধ একটি চক্র তরুণদের টাকা ধার দিয়ে নেশায় অভ্যস্ত করে তুলছে বলে অভিযোগ পাওয়া গেছে। সুদের ওপর একের পর এক টাকা দেয় তারা। একসময় সুদসহ মোটা অঙ্কের টাকা দাবি করে।দাবি অনুযায়ী টাকা পরিশোধে ব্যর্থ হলে পরিবার-পরিজনের ওপর নেমে আসে জুলুম, নির্যাতন। এতে বাধ্য হয়ে অনেকে এলাকা ছেড়েছেন। অনেকে জমিজমা বিক্রি করেছেন। কেউ কেউ সেই টাকা পরিশোধ করতে বিয়েতে যৌতুক নেওয়ার কথাও স্বীকার করেছেন। সুদের টাকা নিয়ে গত তিন মাসে উপজেলার নবগ্রাম ইউনিয়নে প্রায় ৫০টি সালিস বৈঠক করার কথা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপির চেয়ারম্যান।নবগ্রামের অভিনয় বাড়ৈর মা পবিত্র বাড়ৈ বলেন, ‘আমার ছেলে ভাঙ্গার হাট স্কুলে নবম শ্রেণীতে পড়ত। বাড়িতে ছুটিতে আসলে ওরা ছেলেকে নেশার জগতে জড়িয়ে ফেলে। পরে ওরা উল্টো টাকা দাবি করে। টাকা দিতে না পারায় ঘরে ঢুকে আমাকে মারধর করে, আমার ছেলের গলা টিপে ধরে। আমার স্বামীরে মোটরসাইকেলে তুলে নিতে চায়। শেষে অপারগ হয়ে ৪০ শতাংশ জমি বেচে ৯০ হাজার টাকা পরিশোধ করি।’নবগ্রাম ইউনিয়নের কয়েকটি গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সংঘবদ্ধ একটি চক্র এলাকার তরুণদের বিপদগ্রস্ত করতে হাতে ধরিয়ে দিচ্ছে মাদকদ্রব্য। চক্রটি প্রথমে একজনকে দুই হাজার টাকা দেয়। দুই হাজার টাকা থেকে এক মাসের সুদ বাবদ ৪০০ টাকা কেটে নেয়। পরে তরুণকে এক হাজার ৬০০ টাকা দিয়ে মোটরসাইকেলে চড়িয়ে বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরে বেড়ায় আর নেশা করায়। হাতের টাকা শেষ হলে আরও পাঁচ হাজার টাকা দিয়ে আগের দুই হাজার টাকা নিয়ে নেয়। পাশাপাশি পাঁচ হাজার টাকার এক মাসের সুদ বাবদ এক হাজার টাকা কেটে নেয়। তরুণের কাছে সাকল্যে দুই হাজার টাকা থাকে। সে টাকায় চক্রের সদস্যরা তরুণটিকে আরও কিছু নেশাদ্রব্য দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এভাবেই একের পর এক তরুণকে তারা নেশা ও সুদের জালে জড়িয়ে ফেলে। একসময় সুদের টাকার পরিমাণ লাখের ঘর ছাড়ায়। তরুণটি যখন এত টাকা দিতে অপারগতা প্রকাশ করে, তখন চক্রের সদস্যরা হাজির হয় তরুণের বাড়িতে। পরিবারের কাছে তারা সুদের টাকা চাইতে থাকে। এভাবে প্রায় তিন বছর ধরে দাপটের সঙ্গে এ কাজ চালিয়ে যাচ্ছে নবগ্রাম ও ডাসার ইউনিয়নের গোপাল, বিনয় রায়, উৎসব, ভীষঞ্চ মল্লিক, দীপক, টিটন রায়, মিলন, আয়নাল, জালু, নিজাম, বক্কর, রেজা, মস্তফা, টিটু শেখ, স্বপন শেখসহ আরও অনেকে।গত ২৯ জুলাই নবগ্রাম বাজারে গিয়ে দেখা যায়, সুদের টাকাকে কেন্দ্র করে সালিস বসেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সালিসপ্রধান। নির্মল মৃধার ছেলে নৃপেন মৃধার (১৮) কাছে প্রায় ১০ থেকে ১২ জন সুদি মহাজন দেড় লাখ টাকা পান। সেই টাকা পরিশোধের জন্য যৌতুকের বিনিময়ে স্বামীহারা এক তরুণীকে (২৫) বিয়ে করেন নৃপেন। বিয়েতে শ্বশুরবাড়ি থেকে এক লাখ ২৫ হাজার টাকা পান। যৌতুকের টাকাতেও সুদের টাকা পুরোটা পরিশোধ হয় না। আরও ২৫ হাজার টাকা বাকি থাকে। মহাজনদের টাকা কমিয়ে দেওয়ার জন্যই স্থানীয় চেয়ারম্যানের শরণাপন্ন হয় নৃপেনের পরিবার। শেষে চেয়ারম্যানের মধ্যস্ততায় এক মাসের সুদের টাকা কমিয়ে এক লাখ ২৫ হাজার টাকা দিয়ে ২৫ হাজার টাকা বাকি রাখা হয়।নবগ্রামের সুজন ও সুজিতের বাবা হরিহর মল্লিক বলেন, ‘গুনে গুনে সুদের তিন লাখ টাকা পরিশোধ করেছি। তাও ওরা মিথ্যা টাকা দাবি করে। ওদের জন্য এক ছেলে সুজিত পালিয়ে ঢাকা গেছে, অন্য ছেলে ভারতে। বড় নেই, ছোট নেই—এলাকায় সবাইকে মারধর করে। আমরা যে ভোগান্তিতে পড়েছি, এলাকায় যাতে আর কেউ এ রকম পরিস্থিতির শিকার না হয়।’অভিযুক্ত সুদি মহাজন জালু, নিজাম, বক্কর, রেজা, মোস্তফা, টিটু শেখ, স্বপন শেখসহ কয়েকজন বলেন, ‘আমরা টাকা দিই, সুদ নিই। নেশার ব্যাপারে জানি না। টাকা নিয়া কে, কী করে, সেইটা আমাগো দেখার বিষয় না।’নবগ্রাম ইউপির চেয়ারম্যান পুলিন বিহারী সরকার বলেন, ‘সুদের টাকায় নেশা! এ তো মড়ার ওপর খাঁড়ার ঘা! এ সুদি মহাজনদের ব্যাপারে আমি কিছু করতে পারছি না।’ এ নিয়ে গত তিন মাসে প্রায় অর্ধশত সালিস করতে হয়েছে তাঁকে। বিষয়টি তিনি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উত্থাপন করেছেন বলে জানান।কালকিনির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহীন মণ্ডল বলেন, ‘এ রকম চক্রের ব্যাপারে আমাদের কাছেও তথ্য আছে। আমরা খোঁজ নিচ্ছি। সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’