নেশার টাকা দেননি মা, তাই ছোট ভাইকে খুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেশার টাকা না পাওয়ায় ক্ষোভ ছিল মায়ের ওপর। সেই ক্ষোভ মেটাতে ছয় বছর বয়সী আপন ছোট ভাইকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়েছেন মাদকাসক্ত এক যুবক। নেত্রকোনার কেন্দুয়া পৌর এলাকার কান্দিউড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। আজ রোববার ভোরে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কান্দিউড়া গ্রামের বাসিন্দা নাজিম উদ্দিনের ছেলে আলী হোসেন (২৩) একজন মাদকসেবী। তিনি লেখাপড়া বা কাজকর্ম কিছুই করেন না। প্রায়ই তিনি মা-বাবাকে চাপ দিয়ে নেশার টাকা নিতেন। এ নিয়ে দরিদ্র বাবা-মা অতিষ্ঠ ছিলেন।

পারিবারিক ও মামলা সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, আলী হোসেন ঈদের পরদিন (গত বৃহস্পতিবার) তাঁর মায়ের কাছে কিছু টাকা চান। কিন্তু তাঁর মা টাকা দিতে অস্বীকার করেন। মা আগের দিন (বুধবার) ঈদ উপলক্ষে ছোট ছেলে সাগরকে (৬) সামান্য কয়েকটি টাকা দিয়েছিলেন। সাগরকে টাকা দেওয়া হয়েছিল, অথচ তাঁকে দেওয়া হয়নি—এই বিষয়টি আলী হোসেনকে ক্ষুব্ধ করে। তিনি তাঁর মাকে বলেন, ‘এমন কাজ করুম, যার জন্য তুমি সারা জীবন কাঁনবা।’

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল থেকে সাগরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। একই সঙ্গে আলী হোসেনও উধাও হয়ে যান। পরদিন শুক্রবার রাতে বাড়ির কাছে ঘোরাফেরা করতে দেখে পরিবারের লোকজন আলী হোসেনকে ধরে সাগর কোথায় তা জানতে চান। আলী হোসেন জানান, সাগরকে তিনি পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলায় একটি চায়ের স্টলে কাজ করার জন্য রেখে এসেছেন। গতকাল শনিবার সাগরের খোঁজে বাড়ির লোকজন আলী হোসেনকে সঙ্গে নিয়ে গৌরীপুর যায়। কিন্তু সেখানে সাগরকে পাওয়া যায়নি। এ সময় আলী হোসেন সেখান থেকে পালানোর চেষ্টা করলে তাঁকে আবারও ধরে বাড়িতে নিয়ে আসা হয়। পরে গতকাল রাতে আলী হোসেন স্বীকার করেন, মায়ের ওপর ক্ষুব্ধ হয়ে শুক্রবার সন্ধ্যার পর তিনি সাগরকে শ্বাসরোধে হত্যা করে কেন্দুয়া-চিরাং সড়কের পাশে মত্স্য চাষ প্রকল্পের (ফিশারিজ) একটি পুকুরে লাশ ফেলে দিয়েছেন। এই স্বীকারোক্তি অনুযায়ী আজ ভোরে সেখান থেকে পুলিশ সাগরের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় বাবা নাজিম উদ্দিন ছেলে আলী হোসেনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আলী হোসেনকে গ্রেপ্তার করে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, নিহত সাগরের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।