নেশার টাকা না পেয়ে ছোট ভাইকে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলী হোসেন (২৩) নামে এক মাদকসেবী নেশার টাকা না পেয়ে মায়ের ওপর ক্ষিপ্ত হয়ে ছোট ভাই সাগরকে (৬) খুন করেছেন বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার ঘাতকের দেখিয়ে দেওয়া এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নেত্রকোনার কেন্দুয়া পৌর এলাকার কান্দিউড়া গ্রামে।

এ ঘটনায় বাবা নাজিম উদ্দিন ছেলে আলী হোসেনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত আলী হোসেনকে গ্রেপ্তার করেছে। পরিবার ও মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, মাদকসেবী আলী হোসেন ঈদের পরদিন বৃহস্পতিবার তাঁর মায়ের কাছে কিছু টাকা চান। কিন্তু মা টাকা দিতে তিনি অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে আলী হোসেন মাকে উদ্দেশ করে বলেন, ‘এমন কাজ করুম, যার জন্য তুমি সারা জীবন কাঁদবে।’ এ অবস্থায় ওই দিন বিকেল থেকে সাগরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সেই সঙ্গে আলী হোসেনও বাড়ি থেকে উধাও হয়ে যান। এতে সন্দেহ হলে একপর্যায়ে পরিবারের লোকজন আলী হোসেনকে পাকড়াও করেন। তখন তিনি সাগরকে পাশের গৌরীপুর উপজেলায় একটি চায়ের স্টলে কাজের জন্য রেখে আসার কথা জানান।

পরে সাগরের খোঁজে বাড়ির লোকজন আলী হোসেনকে সঙ্গে নিয়ে গৌরীপুর যান। কিন্তু আলী হোসেন সেখান থেকে পালানোর চেষ্টা করলে তাঁকে ধরে বাড়িতে নিয়ে আসা হয়। একপর্যায়ে তিনি সাগরকে শ্বাসরোধে হত্যা করে লাশ পুকুরে ফেলে রাখার বিষয়টি স্বীকার করেন। পরে কেন্দুয়া-চিরাং সড়কের পাশে মৎস্যচাষ প্রকল্পের (ফিশারিজ) একটি পুকুর থেকে পুলিশ গতকাল রোববার সকালে সাগরের লাশটি উদ্ধার করে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আলী হোসেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।