নেশার টাকা না পেয়ে বাবা ও ভাইকে কুপিয়ে হত্যা!
নেশার টাকা না দেওয়ায় নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ইব্রাহিম হোসেন (৩০) নামের এক যুবক তাঁর বাবা ও ভাইকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার ভোরে নটাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভোর সাড়ে চারটায় ওই গ্রামের ইব্রাহিম হোসেন সিঁধ কেটে তাঁর ছোট ভাই শাহাদত হোসেনের ঘরে ঢোকেন। এরপর ছুরি দিয়ে শাহাদতকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় শাহাদতের স্ত্রী রীনা খাতুন বাধা দিলে ইব্রাহিম তাঁকেও ছুরিকাঘাত করেন। তাঁদের চিৎকারে বাবা আবদুস সাত্তার (৮০) এসে ঘরের দরজা খোলার অনুরোধ করেন। দরজা খুলেই ইব্রাহিম তাঁর বাবাকে ছুরি দিয়ে কোপাতে থাকেন। আশপাশের লোকজন এগিয়ে এলে ইব্রাহিম পালিয়ে যান। পরে গুরুতর অবস্থায় নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে আবদুস সাত্তার ও শাহাদত হোসেন মারা যান। নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।শাহাদত হোসেনের স্ত্রী রীমা বলেন, ইব্রাহিম দীর্ঘদিন ধরে নেশা করেন। প্রায়ই নেশা করার জন্য টাকা চাইতেন। টাকা না দিলে উত্তেজিত হয়ে উঠতেন। গত রোববার নেশার টাকা না দিতে চাইলে ইব্রাহিম তাঁর স্বামীকে হত্যার হুমকি দেন। কিন্তু রাতের আঁধারে ইব্রাহীম তাঁর স্বামীকে এভাবে হত্যা করবেন, তা তিনি ভাবতেও পারেননি।রীমা আরও জানান, কয়েক দিন আগে ইব্রাহীম তাঁদের পাগল বানানোর জন্য ভাতের সঙ্গে ওষুধ মিশিয়ে দিয়েছিলেন। পরে তাঁরা হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হন। এ ব্যাপারে ইব্রাহিমের বোন শাহানারা খাতুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও একই কথা বলেন।ঘটনাস্থলসংলগ্ন বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ইব্রাহিম নেশাগ্রস্ত। নেশার টাকা না দিতে চাইলে বাবার সম্পত্তি চেয়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তিনি গোলমাল করতেন। এর ধারাবাহিকতায় গতকাল তিনি তাঁর বাবা ও ভাইকে হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ইব্রাহিমের মা ওয়াহিদা বেগম ছেলেকে আসামি করে মামলা করেছেন।