নেশার টাকা না পেয়ে মাকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর গ্রামে টাকা না পেয়ে মাদকাসক্ত ছেলে মাকে হত্যা করেছে। গত বুধবার রাতে রুবেল নামের ওই তরুণ তার মা মহিরননেছাকে (৪৫) কুড়ালের কোপ দিয়ে হত্যা করে।
প্রতিবেশী আবু সাহিদ মোল্লা জানান, মহিরননেছা গ্রামের ভ্যানচালক শফিজউদ্দীন শেখের স্ত্রী। বুধবার সন্ধ্যায় রুবেল তার মায়ের কাছে ৩০০ টাকা চায়। তবে তিনি টাকা দিতে রাজি হননি। শরীর অসুস্থ থাকায় এ সময় মহিরননেছা বিছানায় শুয়ে পড়েন। একপর্যায়ে কুড়াল দিয়ে তাঁর মাথায় একটি কোপ মারে রুবেল। এরপর কুড়াল পাশের পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যায়। এ সময় মহিরননেছাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপতালে নেওয়ার পর রাত সাড়ে ১১টায় তাঁর মৃত্যু হয়।
মহিরননেছার দেবর সাদ্দাম হোসেন জানান, রুবেল নেশা করতে করতে বর্তমানে পাগলপ্রায়। সে প্রায়ই বাড়িতে বেপরোয়া কাজকর্ম করে। তিনি আরও জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মহিরননেছার লাশ বাড়িতে আনা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।