নেশার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেশা করার টাকা না পেয়ে এক ব্যক্তি দুই ছেলেমেয়ের সামনেই মুখে বালিশচাপা দিয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছেন। গত বুধবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক নূরবাগ এলাকায় ওই ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করেছে।
নিহত শাহিদা আক্তার (৩৫) টাঙ্গাইল সদর উপজেলার ইশাবাশা গ্রামের সরবেশ আলীর স্ত্রী।
ওই দম্পতির দুই সন্তান ও পুলিশ জানায়, সরবেশ ও শাহিদা তাঁদের চার শিশুসন্তান নিয়ে মৌচাক নূরবাগ এলাকায় সিরাজ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তাঁরা স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। সরবেশ আলী হঠাৎ মাদক সেবন শুরু করেন। কয়েক মাস আগে তাঁর চাকরি চলে যায়। এরপর প্রতি মাসে স্ত্রী শাহিদার কাছ থেকে টাকা নিয়ে মাদক সেবন করেন।
শাহিদা গত বুধবার বেতন পেয়ে বাসায় ফিরলে সরবেশ তাঁর কাছে টাকা চান। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান। রাত নয়টার দিকে সরবেশ বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ করে বড় মেয়ে (১৩) ও বড় ছেলের (৮) হাত-মুখ বেঁধে ফেলেন। পরে সন্তানদের সামনেই স্ত্রীর মুখে বালিশচাপা দিয়ে তাঁকে হত্যা করেন।
রাত সাড়ে নয়টার দিকে শাহিদার মামা ফরহাদ হোসেন ওই বাড়ি গিয়ে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। দরজা না খোলায় তিনি ঘরের টিনের ফাঁকা স্থান দিয়ে উঁকি দেন। দেখতে পান সরবেশ ঘরের পেছনের বেড়ার একটি টিন ফাঁকা করে পালিয়ে যাচ্ছেন। এরপর তিনি ঘরে ঢুকে শাহিদার লাশ ও তাঁর দুই সন্তানকে হাত-মুখ বাঁধা অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে পুলিশ রাতেই শাহিদার লাশ উদ্ধার করে। গতকাল বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ফরহাদ হোসেন জানান, নেশা করার কারণে কয়েক মাস আগে সরবেশের চাকরি চলে যায়। এরপর শাহিদার সামান্য বেতনের টাকা নিয়েই নেশা করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসঅই) সৈয়দ আজহারুল ইসলাম বলেন, গৃহবধূর মামা ফরহাদ হোসেন হত্যা মামলা করেছেন। সরবেশ আলী পলাতক।