নেশার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেশার টাকা চেয়ে না পেয়ে রেজাউল ইসলাম তাঁর স্ত্রী জুলেখা বেগমকে (২৫) পিটিয়ে ও পরে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ রেজাউলকে গ্রেপ্তার করেছে। গত রোববার মধ্যরাতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিরৌহালী গ্রামে এ ঘটনা ঘটেছে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, উপজেলার বিরৌহালী গ্রামের রেজাউলের সঙ্গে চার বছর আগে পাশের আমসাড়া গ্রামের জমসের আলীর মেয়ে জুলেখার বিয়ে হয়। এর মধ্যে তাঁদের একটি ছলেসন্তানের জন্ম হয়। স্বামী আগে থেকে নেশাগ্রস্ত থাকায় জুলেখা বিয়ের পর রেজাউলকে মাদক সেবন করতে নিষেধ করতেন। গত রোববার রাতে নেশা করার জন্য টাকা চাইলে জুলেখা স্বামীকে নিষেধ করেন। এতে রেজাউল উত্তেজিত হয়ে স্ত্রীকে বেদম মারধর করতে থাকেন। একপর্যায়ে তাঁকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন। এরপর তিনি অন্য বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ রেজাউলকে গ্রেপ্তার করে। তিনি পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা জমসের আলী একটি হত্যা মামলা করেছেন।রেজাউলের প্রতিবেশী আবদুস সোবহান বলেন, রেজাউল মাংসের ব্যবসা করেন। আগে থেকেই তাঁদের সংসারে বিবাদ চলত। দুই বছর আগে মেয়ের বাবা মেয়েকে জামাইয়ের বাড়ি দিতে চাননি। সে সময় সালিসও হয়েছে। তবে রেজাউল নেশা করতেন কি না, আমার জানা নেই।গৃহবধূর বাবা জমসের আলী বলেন, ‘বিয়ের সময় আমি ৬০ হাজার টাকা যৌতুক দিয়েছি। সেই টাকা নেশা করে ও নানাভাবে রেজাউল খরচ করেছে। আবার টাকা চাইলে মেয়ে দিতে অপারগতা প্রকাশ করে। গত রোববার রাতে নেশা করতে টাকা চাইলে না দেওয়ায় আমার মেয়েকে মেরে ফেলে।’