নেশার টাকা না পেয়ে স্ত্রীর চোখ উৎপাটনের চেষ্টা!
নেশার টাকা না পেয়ে স্ত্রীকে শারীরিক নির্যাতনের পর এক চোখে আঙুল ঢুকিয়ে চোখ উৎপাটনের চেষ্টা করেছে এক স্বামী। গত মঙ্গলবার কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের সুজাতপুর গ্রামে এ ঘটনা ঘটে।গৃহবধূ জামেনা বেগম বর্তমানে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় পুলিশ জামেনার স্বামী নাসির উদ্দিনের আত্মীয় ফেরদৌস মিয়াকে আটক করেছে। হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসক হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আঙুল দিয়ে জামেনা বেগমের বাঁ চোখে আঘাত করা হয়েছে। আঘাতটি গুরুতর। চোখের সাদা অংশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামীকাল (আজ বৃহস্পতিবার) অস্ত্রোপচার করা হবে। চোখের বাইরের অংশে একটি সেলাই দেওয়া হয়েছে।’এলাকাবাসীর অনেকে জানান, নাসির উদ্দিনের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চানপুর গ্রামে। এক যুগ আগে নাসিরের সঙ্গে বাজিতপুরের সুজাতপুর গ্রামের ফারসু মিয়ার মেয়ে জামেনার বিয়ে হয়। এই সময়ের মধ্যে ব্যবসা, চাকরি কোনোটিতেই সফল হননি নাসির। বিয়ের কিছুদিন পর থেকে নাসিরের নেশার বিষয়টি জামেনার নজরে আসে। বিয়ের দুই বছর পর থেকে নেশার সঙ্গে যোগ হয় জুয়াসহ নানা অপকর্ম। এরই মধ্যে তাঁদের তিনটি সন্তান হয়। নির্যাতন সইতে না পেরে জামেনা মাঝেমধ্যে বাবার বাড়ি থেকে টাকা এনে নাসিরকে দিতেন। টাকা পেলেই নাসিরের নেশা আরও বাড়ত। সর্বশেষ তিন সপ্তাহ আগে টাকার জন্য জামেনাকে মারধর করেন নাসির। এরপর সুজাতপুর গ্রামে বাবার বাড়ি চলে আসেন জামেনা। জামেনার পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দুপুরে নাসির শ্বশুরবাড়ি গিয়েই টাকা দাবি করেন। এই নিয়ে নাসির ও জামেনার মধ্যে বেশ কিছু সময় বাগিবতণ্ডা হয়। দুপুর দেড়টার দিকে ঘরের দরজা আটকে জামেনাকে মারধর করেন নাসির। একপর্যায়ে তাঁর বাঁ চোখে আঙুল ঢুকিয়ে চোখ উপড়ে ফেলার চেষ্টা করেন।জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলার ২৫ নম্বর বিছানায় শুয়ে জামেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘নেশা আর জুয়ার টেহা না দিলে অত্যাচার করত। মঙ্গলবার টাকা দিতে পারি নাই বইলা চোখ উঠাইয়া নিব কইয়া আঙুল ঢুকাইয়া দে। চিৎকারে লোকজন আসার পর নাসির চইল্লা যায়।’বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘স্ত্রী নির্যাতনের ঘটনায় আমরা এরই মধ্যে একজনকে আটক করেছি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’