নেশার টাকা না পেয়ে স্ত্রীর শরীরে আগুন, পরে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার ধীরাশ্রম এলাকার বাসিন্দা মোশারফ হোসেনের দেওয়া আগুনে দগ্ধ স্ত্রী সীমা আক্তার হাসপাতালে ১০ দিন চিকিৎসার পর গত বুধবার বিকেলে মারা গেছেন। নেশার টাকা না পেয়ে মোশারফ ওই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরিবার ও পুলিশ জানায়, ৩ আগস্ট রাতে সেহির খাওয়ার আগে স্বামী মোশারফ হোসেন তাঁর স্ত্রী সীমার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে রাতেই মোশারফ ও পরিবারের সদস্যরা সীমা আক্তারকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। মোশারফ একজন মাদকাসক্ত। তিনি সীমাকে বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বিভিন্ন সময় মারধর ও নির্যাতন চালাতেন। ঘটনার রাতেও মোশারফ নেশার টাকার জন্য তাঁকে মারধর করেন।একপর্যায়ে চিৎকারের শব্দ যাতে কেউ শুনতে না পায়, এ জন্য তাঁর মুখে কাপড় গুঁজে দিয়ে মাথায় কেরোসিন ঢেলে দেশলাইয়ের কাঠিতে আগুন জ্বালিয়ে সীমার গায়ে ধরিয়ে দেন মোশারফ। এতে সীমার শ্বাসনালিসহ মাথা থেকে হাঁটু পর্যন্ত পুড়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাঁকে প্রথমে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনহিত হলে তাঁকে ওই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তাঁর মৃত্যু হয়। সীমার ভগ্নিপতি মজিবুর রহমান জানান, সীমার সংসারে ১৫ দিনের শিশু অপূর্ব, মাহরুফ (৫) ও মানছুরা (১২) রয়েছে। সীমার বড় ভাই হুমায়ূন কবির বলেন, মোশারফ নেশাগ্রস্ত হয়ে পড়ে। নেশার টাকা না পেয়ে তাঁদের বাড়ি থেকে টাকা আনার জন্য বোনকে চাপ দেয়। তাঁর কথামতো টাকা না দেওয়ায় বোনের শরীরে কেরোসিন ডেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার পরদিন সীমার বড় ভাই হুমায়ূন কবির বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে ওই দিনই পুলিশ মোশারফকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন। জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রত্যক্ষদর্শী নিহতের মেয়ে মানছুরা গাজীপুর জজ আদালতে বাবার বিরুদ্ধে জবানবন্দি দিয়েছে। মামলা বিচারাধীন রয়েছে। দুই তরুণীর লাশ উদ্ধারনিজস্ব প্রতিবেদক, সাভার ও নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকার সাভারের বিরুলিয়া সেতুর কাছে তুরাগ নদ থেকে গত বুধবার রাতে এক তরুণীর বস্তাবন্দী গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ সদর উপজেলার একটি পুকুর থেকে গতকাল বৃহস্পতিবার আরেক তরুণীর (২২) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। দুই তরুণীর পরিচয় পাওয়া যায়নি।সাভার মডেল থানার পুলিশ জানায়, স্থানীয় লোকজন বুধবার রাত আটটার দিকে তুরাগ নদে বস্তাবন্দী তরুণীর মৃতদেহ ভাসতে থেকে বিরুলিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেয়। রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। গতকাল পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি। তাঁর পরনে ছিল ছায়া আর ব্লাউজ। বয়স আনুমানিক ৩০ বছর।বিরুলিয়া ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শফিউল আলম বলেন, তরুণীকে চোখ বেঁধে শ্বাসরোধে অন্যত্র হত্যার পর বস্তায় ভরে মৃতদেহ তুরাগে ফেলে দেওয়া হয় বলে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে।পুলিশ ও এলাকাবাসীর অনেকে জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার টাগারপাড় এলাকার পুকুরে কচুরিপানার ভেতরে গতকাল সন্ধ্যায় এক তরুণীর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।