নেশার টাকা না পেয়ে স্বামীর মারধর, গৃহবধূর আত্মহত্যা
সুফিয়া-মোফাজ্জলের ছয় বছরের দাম্পত্য জীবন সুখের ছিল না। তাঁদের সুখ কেড়ে নেয় মাদক। মোফাজ্জল বিয়ের আগে থেকেই মাদকাসক্ত। সুফিয়া বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেননি। শেষমেশ বিষপানে আত্মহত্যা করেন সুফিয়া বেগম (২০)।মাদকের প্রতি ঘৃণা থেকে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ওই গৃহবধূ গত সোমবার দুপুরে আত্মহননের পথ বেছে নেন। গতকাল মঙ্গলবার দুপুরে থানায় সুফিয়ার বাবা আলফাজ উদ্দিন জামাই মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে সুফিয়াকে আত্মহত্যায় প্ররোচনার লিখিত অভিযোগ দিয়েছেন। নিহত গৃহবধূর পরিবারের সদস্যরা জানান, মোফাজ্জল হোসেনের (২৮) বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাইজপাড়ার নোয়াপাড়া গ্রামে। সুফিয়ার বাড়ি কুলিয়ারচরের তারাবন্দ গ্রামে। বিয়ের আগে থেকেই মোফাজ্জল ফেনসিডিল সেবন করতেন। নেশার টাকা জোগাতে সংসারের সবকিছু বিক্রি করেও ক্ষান্ত হননি তিনি। কারণে-অকারণে স্ত্রীকে মারধর করতেন। এরই মধ্যে তাঁদের সংসারে দুটি ছেলেসন্তান আসে। কোনোভাবেই নেশার জগৎ থেকে স্বামীকে ফিরিয়ে আনতে না পেরে সুফিয়া অভিমান করে বাবার বাড়ি চলে যান। সেখানেও তাঁকে শান্তিতে থাকতে দেননি স্বামী। মাঝেমধ্যে শ্বশুরবাড়ি গিয়ে নেশার জন্য টাকা চাইতেন। সোমবার সকালে শ্বশুরবাড়ি গিয়ে একই কারণে স্ত্রীকে মারধর করেন। ওই দিনই শিশুপুত্র আদমানকে কোলে নিয়ে ঘর থেকে বের হয়ে যান সুফিয়া। কুলিয়ারচরের পালটিয়া এলাকায় কৃষিজমির আইলে শিশুটিকে পাশে রেখে বিষ পান করেন। একপর্যায়ে শিশুটির কান্নার শব্দে পাশের জমির কৃষকেরা এগিয়ে যান। তাঁরা সুফিয়াকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সুফিয়ার মৃত্যু হয়। সুফিয়ার বাবা আলফাজ উদ্দিন বলেন, ‘জামাইয়ের নেশার কারণেই আমার মেয়ে আত্মহত্যা করেছে।’ কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা জানান, মোফাজ্জল নেশা করতেন বলে জানতে পেরেছি। এই অভিমান থেকে সুফিয়া আত্মহত্যার পথ বেছে নেন। শিশু আদমান বর্তমানে নানা-নানির হেফাজতে আছে। এ ব্যাপারে চেষ্টা করেও মোফাজ্জল হোসেনের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাঁর পরিবারের অন্য সদস্যরা ঘটনার পর থেকে বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান করছেন। তবে প্রতিবেশীরা জানিয়েছেন, মোফাজ্জল মাদক সেবন করতেন। এ কারণে তাঁদের সংসারে সুখ ছিল না।