নেশার টাকার জন্য বাবাকে ছুরিকাঘাত, এক বছরের সাজা
নেত্রকোনার কেন্দুয়ায় নেশার টাকা না পেয়ে বাবাকে ছুরিকাঘাত করেছে রুবেল মিয়া (২৫) নামের এক মাদকসেবী। এ ছাড়াও তিনি ছুরি নিয়ে পরিবারের লোকজনকে তাড়া করেন। এ ঘটনায় আজ রোববার রুবেলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, উপজেলার রাজনগর গ্রামের রুবেল নেশার টাকার জন্য বাবা-মাসহ পরিবারের লোকজনকে জ্বালাতন করতেন। এ ছাড়া ঘরের আসবাবও ভেঙে ফেলতেন তিনি। এ অবস্থায় গতকাল শনিবার সন্ধ্যায় নেশার টাকা না পেয়ে রুবেল তাঁর বাবাকে গলায় ছুরিকাঘাত করেন। এতে তিনি জখম হন। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নেন। কিন্তু আজ সকালে একইভাবে রুবেল ছোরা হাতে পরিবারের লোকজনকে তাড়া করেন। এতে ভয়ে তাঁরা পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। একপর্যায়ে খবর পেয়ে স্থানীয় পেমই পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ছুরিসহ রুবেলকে আটক করে। পরে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত রুবেলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
রুবেলের বাবা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি আশা করেছিলাম রুবেলের সাজা আরও বেশি হবে। এমন কু-পুত্র থাকার চেয়ে না থাকাই ভালো।’ তিনি জানান, রুবেল এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে এক বিষয়ে অকৃতকার্য হয়। পরীক্ষার আগে কেন্দুয়া উপজেলা শহরে কোচিং করতে গিয়ে সে মাদকের নেশায় আসক্ত হয়ে পড়ে। এরপর থেকে তাঁর যন্ত্রণায় পুরো পরিবার অতিষ্ঠ।
এ ব্যাপারে কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত)¯মো. মিজানুর রহমান আকন্দ বলেন, রুবেলকে কারাগারে পাঠানো হয়েছে।