নেশার বড়ি না মেশানোই শিশুটির অপরাধ?
জয়পুরহাটের আক্কেলপুরে চায়ের সঙ্গে নেশার বড়ি না মেশানোর ‘অপরাধে’ নাহিদ (১২) নামের এক শিশুকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছেন শাহিন হোসেন (২৫) নামের এক তরুণ। উপজেলার গোপীনাথপুর বাজারে গত শনিবার এ ঘটনা ঘটে। নাহিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নাহিদ গোপীনাথপুর পূর্বপাড়া গ্রামের মোবারক আলী প্রধানের ছেলে বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, পুরুষ ওয়ার্ডে শিশুটিকে শুইয়ে রাখা হয়েছে। শয্যার পাশে বসে তার মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। দুই পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করায় বসতে পারছিল না সে। তার দুটি পায়ে মারধরের কালো দাগ চোখে পড়ে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাধেশ্যাম আগরওয়ালা জানান, শিশুটিকে রড দিয়ে পেটানো হয়েছে। তার দুই পায়েই আঘাতের চিহ্ন রয়েছে।
নাহিদ জানায়, গোপীনাথপুর বাজারে তাদের একটি চায়ের দোকান রয়েছে। সে তার বাবার সহযোগী হিসেবে চায়ের দোকানে থাকে। বাবা ব্যস্ত থাকলে সে নিজেই চা বানায়। শনিবার দুপুরে দোকানে একাই ছিল সে। এ সময় বাজারের শ্যালো মেশিনের যন্ত্রপাতির দোকানের মালিক শাহিন দোকানে এসে একটি নেশার বড়ি তার হাতে দিয়ে চায়ের সঙ্গে মেশাতে বলে। এ সময় নেশার বড়ি চায়ের কাপে দিলে দুর্গন্ধ হয় বলে নাহিদ তাঁকে জানায়। একপর্যায়ে নাহিদ চায়ে নেশার বড়ি মেশাতে অস্বীকৃতি জানালে শাহিন ক্ষুব্ধ হয়ে তাকে গালিগালাজ করে দোকান থেকে চলে যান।
নাহিদ আরও জানায়, ওই দিন সন্ধ্যায় শাহিনের দোকানের সামনে দিয়ে সে চা-পাতা কিনতে দোকানে যাচ্ছিল। এ সময় শাহিন তাঁর দোকান থেকে বেরিয়ে এসে রড দিয়ে তাকে বেধড়ক পিটুনি দেন। পরে লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করান।
নাহিদের মা নাজমা খাতুন জানান, নাহিদ থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। সবটুকু সহায়-সম্পদ বিক্রি করে ছেলের চিকিৎসায় ব্যয় করেছেন। চায়ের সঙ্গে নেশার বড়ি না মেশানোর অপরাধে শাহিন তাঁর অসুস্থ ছেলেটাকে পিটিয়ে আহত করেছে।
নাজমা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘হামাকরে ইউনিয়নের চেয়ারম্যানক ঘটনাটি জানাচি। চেয়ারম্যান সাহেব হামাকক বলল, মারিছে তো কী হয়েছে, তোমার ছলের তো পা ভাঙে যায়নি।’
গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাঈদ জোয়ার্দার জানান, তিনি নাহিদের মাকে কোনো কথা বলেননি। গ্রামের লোকজন ঘটনাটি মীমাংসা করেছেন বলে তিনি জেনেছেন। তিনি বলেন, ‘লোকজনের কাছে শুনেছি, শাহিন নেশা করত। এখন নেশা করে কি না, তা আমার জানা নেই।’
একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও শাহিনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
আক্কেলপুর থানার ওসি রেজাউস সাদিক জানান, তিনি ঘটনাটি শুনেছেন। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।