নেশায় নিঃস্ব
ফারুক হোসেনের (৪০) জমি ছিল দেড় বিঘা। ছিল গরু-হাঁস-মুরগি। ব্যবসাও করতেন। স্ত্রী-সন্তান নিয়ে ছিল সোনার সংসার। এই ফারুক এখন চুরি করেন। কারণ জমি, ব্যবসা সহায়-সম্পদ সব শেষ। এমনকি স্ত্রীও তাঁকে ছেড়ে মাস দুয়েক আগে বাবার বাড়িতে চলে গেছেন। তাঁর বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার লালদীঘি গ্রামে। আনিছুল ইসলাম (৪৭) ছিলেন কাঁচামাল ব্যবসায়ী। বাড়ি উপজেলার লালদীঘি বাহাদ্দিপাড়া গ্রামে। জমি ছিল দুই বিঘা (১২০ শতক)। স্ত্রী ও সন্তানদের নিয়ে সুখের সংসার ছিল। আর এখন ভিটেবাড়িটুকুও বিক্রি করে দিয়ে নিঃস্ব হয়েছেন। তছনছ হয়ে গেছে সংসার। এখন অন্যের ভিটেয় কোনোরকম মাথা গুঁজে থাকেন। চুরিই তাঁর পেশা। তাঁরা দুজনই গত বুধবার এলাকায় চোরাই মালামালসহ এলাকাবাসী ও গ্রাম পুলিশের হাতে ধরা পড়েছেন। এরপর গ্রাম পুলিশ তাঁদের বদরগঞ্জ থানায় নিয়ে যায়। সেখানে অসুস্থ হয়ে পড়ায় চিকি ৎ সার জন্য উভয়কে রাত ১১টার দিকে বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হাসপাতালের আবাসিক চিকি ৎ সা কর্মকর্তার কক্ষে উভয়ের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। ফারুক হোসেন বলেন, ‘লালদীঘিহাটে ব্যবসা করার সুবাদে ১৯ বছর আগে এলাকার সাদেক আলীর সঙ্গে আমার আন্তরিকতা গড়ে ওঠে। সাদেক হেরোইন আসক্ত ছিলেন।’ ফারুক বলেন, ‘একদিন সাদেক আমাকে হাটের একপাশে ডেকে নিয়ে হেরোইন সেবন করতে বলেন। আমি শখের বশে একটু হেরোইন সেবন করি। ধীরে ধীরে এই শখ নেশায় পরিণত হয়। হেরোইন সেবন না করলে শরীরে খিঁচুনি হয়। এক পুরিয়া হেরোইনের দাম ২০০ টাকা। দিনে তিন পুরিয়া লাগে। এই নেশার পেছনে ব্যবসা, অর্থ-সম্পদ সব শেষ হয়ে গেছে। নেশা করায় স্ত্রী লায়লা একমাত্র সন্তানকে নিয়ে দুই মাস আগে বাবার বাড়িতে চলে গেছে। এখন আমি নিঃস্ব। হেরোইন প্রতিদিন লাগে। বাধ্য হয়ে চুরি করি। এ ছাড়া উপায় নেই, সার। আমাকে বাঁচান!’ বলেই ডুকরে কাঁদতে থাকেন তিনি।আনিছুল ইসলামও শখের বশে ২৫ বছর আগে হেরোইন সেবন করেন ওই সাদেক আলীর মাধ্যমেই। তিনি বলেন, ‘নেশার জন্য দুই বিঘা জমি বিক্রি করে দিয়েছি। কাঁচামালের ব্যবসাও গেছে। গবাদিপশু, টাকা—সব শেষ। কয়েক বছর আগে তিন শতক বসতভিটা বাড়িসহ বিক্রি করে দিয়েছি। বাধ্য হয়ে চুরি করি। নেশা করায় স্ত্রী-সন্তানেরা আমাকে ভালোবাসে না।’ আনিছুল ইসলামের স্ত্রী বলেন, ‘স্বামী নেশা করার কারণে আমার সোনার সংসার তছনছ হয়ে গেছে। সন্তানদের নিয়ে অন্যের ভিটেয় অতিকষ্টে আছি। এখন মরণ হলেই রক্ষা পাই।’এলাকার গ্রাম পুলিশ সাইফুল ইসলাম বলেন, ‘ফারুক হোসেন ও আনিছুল নেশার টাকা জোগাড়ের জন্য গত ২ আগস্ট রাতে লালদীঘিহাটের ব্যবসায়ী আলম হোসেনের একটি নিত্তিসহ ৭০ কেজি ওজনের পাথর চুরি করেন। এরপর তা বিক্রি করতে গিয়ে ধরা পড়েন।’ বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোবারক আলী সরকার বলেন, ‘চোরাই মালসহ এলাকাবাসী ওই দুই চোরকে ধরেছে। তারা নেশা করে। উভয়কে গত বৃহস্পতিবার রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।’