নেশায় বাধা দেওয়ায় প্রাণ দিতে হলো রমজান চাচাকে
নীলফামারীর সৈয়দপুরে নেশায় বাধা দিতে গিয়ে সোমবার রাতে বখাটেদের হাতে এক বৃদ্ধ খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।খোঁজ নিয়ে জানা যায়, নীলফামারীর সৈয়দপুর শহরের বাঁশবাড়ী মহল্লার শহীদ মাহতাব বেগ লেনের বাসিন্দা অবসরপ্রাপ্ত রেল কর্মচারী রমজান আলী রমজানী পরিবার নিয়ে বাস করেন। তাঁর বাসার সামনে বখাটেরা প্রতিদিন মাতলামি করে। ফেনসিডিলের নেশায় আসক্ত ওই তরুণেরা টাকা জোগাড় করতে চুরি করত। রমজানী চাচা নেশার পথ থেকে সরে দাঁড়াতে তরুণদের পরামর্শ দিতেন। কিন্তু তাঁর বাড়িতে ঘন ঘন চুরি হওয়া দেখে অতিষ্ঠ হয়ে বখাটে দুই তরুণের বাবা নূর আলমের কাছে তিনি এ বিষয়ে অভিযোগ করেন।রমজানী চাচার ছেলে ইমাম আলীর অভিযোগ, সোমবার রাত দুইটার দিকে বাবা বাসার বাইরে বের হলে ওত পেতে থাকা সেলিম, সরফরাজ ও তাদের সঙ্গীরা তাঁর বাবাকে পিটিয়ে হত্যা করে। ঘটনার পরপরই তিনি বিষয়টি পুলিশকে জানান।সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, নিহত রমজান আলী রমজানীর ছেলে ইমাম আলী গতকাল মঙ্গলবার থানায় একটি হত্যা মামলা করেছেন। ওই মামলার সূত্র ধরে পুলিশ নূর আলম (৫৫), তাঁর ছেলে সেলিম ও সরফরাজকে গ্রেপ্তার করেছে। লাশ নীলফামারী মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।