নেশায় বাধা দেওয়ায় হামলা ভাঙচুর, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেশা করতে নিষেধ করায় যশোরের কেশবপুরের মূলগ্রাম দাসপাড়ায় গত শুক্রবার সন্ধ্যায় সন্ত্রাসীরা তাণ্ডব চালিয়েছে। তারা হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে। হামলায় ৩০ জন আহত হয়েছে।প্রত্যক্ষদর্শী ব্যক্তি ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে এলাকার কয়েকজন মাদকাসক্ত দাসপাড়ার পাশে একটি গাছতলায় বসে নেশা করছিল। এ সময় গ্রামবাসী প্রতিবাদ করলে তারা ফিরে যায়। ওই গ্রামের গৌর শীল জানান, সন্ধ্যার দিকে কেশবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আয়ুব হোসেন ওরফে টাবুর নেতৃত্বে কানা সামাদ, সাব্বির, রবিউল, আজাহার, আনিস, মুরাদ, মতলেবসহ ১৫-২০ জন লাঠি, রডসহ দেশি বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ও সঞ্জয় চ্যাটার্জির বাড়িতে হামলা করে। তারা ওই দুই পরিবারের সদস্যদের বেধড়ক পেটাতে থাকে। এ সময় তাদের রক্ষায় এগিয়ে এসে পাড়ার অনেকে পিটুনির শিকার হয়। হামলায় ৩০ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে অনিমা চ্যাটার্জি, বাসন্তী শীল, পারদাসী শীল, গৌর শীল, সনিজত চ্যাটার্জি, প্রভাত চ্যাটার্জিসহ ১১ জনকে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া প্রভাষ চ্যাটার্জি নামের একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারীরা প্রভাষ চ্যাটার্জির ঘরের চালের টালি, গৌর শীলের ঘরের দরজা, চালের টালি, টেলিভিশন ও আসবাব ভাঙচুর করে। তারা পাঁচটি মুঠোফোন, রেখা রাণী শীলের কানের দুল ও গলার চেইন ছিনিয়ে নেয়। এ ঘটনায় গৌর শীল মামলা করবেন বলে জানিয়েছেন।গ্রামের পারিদশী শীল বলেন, হামলার কারণে গোটা গ্রামে লক্ষ্মীপূজা কেটেছে নিরানন্দে। ওই গ্রামের বিনয় শীল বলেন, ‘সন্ত্রাসীরা এমন নির্দয় হতে পারে আমরা ভাবতেও পারছি না।’ সঞ্জিত জানান, সন্ত্রাসীরা আবারও তাঁদের ওপর হামলা চালাতে পারে। গ্রামবাসী জানান, তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন বলেন, এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। তিনি ঘটনায় জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি জানান। উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অসিত মোদক ও সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ বলেন, ওই গ্রামের মানুষের নিরাপত্তার জন্য ব্যবস্থা নিতে হবে। কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ইউপি সদস্য টাবু এর সঙ্গে জড়িত বলে তিনি জেনেছেন। তিনি আরও বলেন, ‘টাবুকে ইউনিয়ন পরিষদের সভায় বহুবার নেশার সঙ্গে না থাকতে বলেছি, তার পরও তিনি সংশোধন হচ্ছেন না।’ টাবু বলেন, ‘ঘটনার সময় হামলাকারীদের ঠেকাতে আমি সেখানে গিয়েছিলাম। আমার নেতৃত্বে হামলার অভিযোগ সঠিক নয়।’কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) জহির উদ্দিন বলেন, ‘এ ব্যাপারে গৌর শীলের কাছ থেকে মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।’