নেহালকে হত্যার কথা স্বীকার করলেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় বছরের শিশুসন্তান নেহাল সাদিককে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মা ফাহমিদা মীর। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদ জামান তাঁর খাসকামরায় ফাহমিদা মীরের জবানবন্দি গ্রহণ করেন। পরে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে ফাহমিদা মীরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার আবেদন জানান তদন্ত কর্মকর্তা উত্তরখান থানার পরিদর্শক আলমগীর হোসেন।
আদালতে দেওয়া জবানবন্দিতে ফাহমিদা বলেন, বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে তাঁর বনিবনা হচ্ছিল না। বিয়ের আগের একটি সম্পর্ক নিয়ে প্রায়ই তাঁর স্বামী তাঁকে সন্দেহ করতেন। কথায় কথায় বাসা থেকে বের হয়ে যেতে বলতেন। একপর্যায় শিশুসন্তান নেহালকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টাও করেন তিনি। তখন তাঁর স্বামী তাঁকে বাধা দেন। স্বামীর ব্যবহারে অতিষ্ঠ হয়ে শিশুসন্তানসহ একবার আত্মহত্যারও সিদ্ধান্ত নেন। জবানবন্দিতে বলেন, ব্লেড দিয়ে ছেলের পেট কেটে হত্যা করেন। এরপর তিনি নিজে আত্মহত্যার চেষ্টা করেন। জবানবন্দির পর আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১৮ এপ্রিল রাতে উত্তরখানের মাস্টারপাড়া সোসাইটির একটি বাসায় দেড় বছরের শিশু নেহাল সাদিক খুন হয়। এ ঘটনায় শিশুর বাবা সৈয়দ সাজ্জাদ হোসেন উত্তরখান থানায় এ মামলা করেন। ১৫ মে আসামি ফাহমিদা মীরকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশে দেন আদালত।