শয্যার চেয়ে রোগী প্রায় দ্বিগুণ। ওয়ার্ড ও বারান্দায় ময়লা-আবর্জনা। শৌচাগারগুলো নিয়মিত পরিষ্কার না করায় ছড়াচ্ছে দুর্গন্ধ। চিকিৎসাসরঞ্জাম নষ্ট হয়ে পড়ে রয়েছে। আছে চিকিৎসকের সংকট। এসব কারণে কিশোরগঞ্জ সদর হাসপাতালে এসে রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ২০০৭ সালে হাসপাতালের শয্যাসংখ্যা ১০০ থেকে ২৫০-এ উন্নীত করা হয়। তবে প্রতিদিন এখানে রোগী ভর্তি থাকে গড়ে ৪৫০ জন। এর বাইরে বহির্বিভাগে চিকিৎসা নেন প্রায় দুই হাজার রোগী। ভালো সেবার আশায় ১৩টি উপজেলার পাশাপাশি আশপাশের জেলার দূরদূরান্তের রোগীরাও এখানে ভর্তি হন। কিন্তু পর্যাপ্তসংখ্যক শয্যা না থাকায় অনেককে হাসপাতালের মেঝেতে থেকে চিকিৎসা নিতে হয়।
গত শনি ও রোববার সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন ওয়ার্ডে গাদাগাদি অবস্থায় রোগীদের রাখা হয়েছে। শনিবার হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৪৫৪। ফলে বহু রোগীর ঠাঁই হয়েছে মেঝেতে। পুরুষ ওয়ার্ডের সামনে বারান্দায় ও ভেতরে মেঝেতে শুয়ে আছেন রোগীরা।
পুরুষ, মহিলা ও প্রসূতি ওয়ার্ডের ভেতরে গুমোট পরিবেশ। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে রাখায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। শৌচাগারগুলোর অবস্থা আরও শোচনীয়। পানের পিক ও আবর্জনা ফেলায় দেয়াল ও সিঁড়িগুলো বেহাল। সব মিলিয়ে এক অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ডেপুটি সিভিল সার্জন হাবিবুর রহমান বলেন, অতিরিক্ত রোগী ও তাঁদের স্বজনেরা থাকায় হাসপাতালের পরিবেশ বেশি নোংরা হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বর্তমানে এখানে ঝাড়ুদার ও এমএলএসএসের যথাক্রমে ৪ ও ১০টি পদ আছে। কিন্তু রোগীর সংখ্যা বিবেচনায় অন্তত ১৫ জন ঝাড়ুদার ও ২০ জন এমএলএসএস প্রয়োজন। এ ছাড়া চিকিৎসকসহ অন্যান্য পদের মধ্যে ৬৩টিই শূন্য রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, চিকিৎসকের ৬১টি পদের মধ্যে বর্তমানে ৩৯টিই শূন্য। এর মধ্যে অবেদনবিদের দুটি পদ, সহকারী সার্জনের ১২টি এবং চিকিৎসা কর্মকর্তার ১২টি পদ শূন্য আছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন মোখলেছুর রহমান খান বলেন, প্রতিটি ওয়ার্ডেই রোগীর তুলনায় শয্যাসংখ্যা কম। মোট ২৫০ শয্যার বিপরীতে গড়ে প্রতিদিন ৪৫০ জন রোগী ভর্তি থাকেন। এসব সমস্যার মাঝেও তাঁরা ভালো সেবা উপহার দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। চিকিৎসকের সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অতি জরুরি কিছু চিকিৎসাসরঞ্জাম অকেজো হয়ে পড়ে আছে। কোনোটা চলছে ধুঁকে ধুঁকে। আল্ট্রাসনোগ্রাম যন্ত্রের দায়িত্বে থাকা চিকিৎসক এস কে মাসুদুজ্জামান বলেন, আল্ট্রাসনোগ্রাম মেশিনের দুটির মধ্যে একটি ছয় মাস ধরে নষ্ট। অন্যটি এত দিন ধুঁকে ধুঁকে চললেও গত কয়েক দিন আগে সেটিও অকেজো হয়ে পড়ে। ফলে রোগীদের ফিরিয়ে দিতে হচ্ছে। এক্স-রে যন্ত্র ঠিক থাকলেও ডিজিটাল এক্স-রে করার নামে রোগীদের হাসপাতাল থেকেই বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে।