শিশুদের ক্ষুদ্রান্ত্রে ব্যাকটেরিয়ার মাত্রাতিরিক্ত বৃদ্ধিতে অন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। এতে শিশুরা খর্বাকৃতির হতে পারে। ক্ষুদ্রান্ত্রে ব্যাকটেরিয়ার বৃদ্ধির অন্যতম কারণ হলো নোংরা পরিবেশে শিশুদের বসবাস।
বাংলাদেশের শিশুদের নিয়ে করা একটি গবেষণায় এমন তথ্য জানা গেছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি), যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় এবং ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী এ গবেষণা করেছেন। তাঁদের ‘স্মল ইনটেস্টাইন ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ অ্যান্ড এনভায়রনমেন্টাল এনট্রোপ্যাথি ইন বাংলাদেশি চিলড্রেন’ শীর্ষক গবেষণা প্রবন্ধটি এ মাসে আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজিতে ছাপা হয়েছে। গবেষকেরা বলছেন, ক্ষুদ্রান্ত্রে মাত্রাতিরিক্ত ব্যাকটেরিয়া শিশুর অপুষ্টির কারণ।
রাজধানীর মিরপুরের ১০৩টি শিশুকে নিয়ে ২০১৪ সালে এ গবেষণা শুরু হয়। এতে যুক্ত ছিলেন আইসিডিডিআরবির আন্ত্রিক সংক্রমণবিষয়ক জ্যেষ্ঠ বিজ্ঞানী রাশেদুল হক। গতকাল প্রথম আলোকে তিনি বলেন, ‘ক্ষুদ্রান্ত্রের প্রতি মিলিলিটার জলীয় পদার্থে ১০ লাখের বেশি ব্যাকটেরিয়া থাকলে তা “মাত্রাতিরিক্ত ব্যাকটেরিয়া” (ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ) বলে বিবেচিত হয়। শ্বাস-প্রশ্বাসের বিশেষ পরীক্ষার (গ্লুকোজ হাইড্রোজেন ব্রেথ টেস্ট) মাধ্যমে আমরা শিশুদের অধিক ব্যাকটেরিয়ার বিষয়টি পরিমাপ করি। অন্ত্রের প্রদাহের উপস্থিতির জন্য আরেকটি পদ্ধতি ব্যবহার করা হয়।’
রাশেদুল হক বলেন, ১৭ শতাংশ শিশুর ক্ষুদ্রান্ত্রে অতিরিক্ত ব্যাকটেরিয়া পাওয়া গেছে। এদের ক্ষুদ্রান্ত্রে প্রদাহ ছিল। এসব শিশু অপুষ্টির শিকার। এরা খর্বকায়, অর্থাৎ এদের উচ্চতা বয়সের তুলনায় কম। তিনি বলেন, দেখা গেছে, যেসব শিশুর ক্ষুদ্রান্ত্রে অতিরিক্ত ব্যাকটেরিয়া, তারা অপেক্ষাকৃত বেশি নোংরা পরিবেশে জন্মগ্রহণ করেছে ও বেড়ে উঠেছে।
ক্ষুদ্রান্ত্রের অধিক ব্যাকটেরিয়ার সঙ্গে অপুষ্টির সম্পর্কের বিষয়ে আইসিডিডিআরবির পুষ্টি ও ক্লিনিক্যাল সেবা বিভাগের জ্যেষ্ঠ পরিচালক তাহমিদ আহমেদ প্রথম আলোকে বলেন, ক্ষুদ্রান্ত্রের ঝিল্লি খাদ্য থেকে পুষ্টি শোষণ করে। ব্যাকটেরিয়া এই ঝিল্লি নষ্ট করে দেয়। ঝিল্লি নষ্ট হলে শিশু খাদ্য থেকে আর পুষ্টি নিতে পারে না। দ্বিতীয়ত, অধিক সংখ্যায় ব্যাকটেরিয়া বাসা বাঁধার কারণে ক্ষুদ্রান্ত্র থেকে ‘সাইটোকাইন’ নামক রাসায়নিকের নিঃসরণ ঘটে। কিছু কিছু ‘সাইটোকাইন’ ক্ষুধা কমিয়ে দেয়। পরিবেশের উন্নতি ঘটিয়ে খর্বকায় শিশু ৪০ শতাংশ কমানো সম্ভব।